হলান্ড কত দিন বাইরে থাকবেন, জানেন না গুয়ার্দিওলা
তবে ম্যানচেস্টার সিটি কোচ আশায় আছেন, এই চোট গুরুতর কিছু নয়।
ম্যানচেস্টার সিটি আশায় আছে যে, আর্লিং হলান্ডের চোট গুরুতর কিছু নয়। ব্রিটিশ গণমাধ্যম তেমন আভাসই দিয়েছে।
ম্যাচের আগে অনুশীলনে পাওয়া চোটের জন্য গত শনিবার মাঠে নামেননি হলান্ড। নরওয়ের এই স্ট্রাইকারকে ছাড়া লিডস ইউনাইটেডেকে ১-০ গোলে হারায় সিটি।
গোলের জন্য দলের সবচেয়ে বড় ভরসার চোটের ধরন নিয়ে এখনও কিছু বলেনি সিটি। কবে নাগাদ প্রথম পছন্দের স্ট্রাইকার ফিরতে পারবেন, তা পরিষ্কার করেননি কোচ গুয়ার্দিওলাও।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ গোল করেছেন হলান্ড। আগামী বুধবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে খেলবে সিটি। এর আগে সোমবার ও মঙ্গলবার তার অবস্থা পর্যবেক্ষণ করবে দলটি।
লিডস ম্যাচের পর হলান্ডের চোটের বিস্তারিত জানতে অপেক্ষা করার কথা বলেছিলেন গুয়ার্দিওলা।
“আমার কাছে এই মুহূর্তে কোনো উত্তর নেই। আজকের ম্যাচের জন্য সে প্রস্তুত ছিল না। তবে নটিংহ্যাম ম্যাচের আগে আমাদের হাতে চার দিন সময় আছে। এর তিন দিন পর এফএ কাপের ম্যাচ আছে নিউক্যাসলে, রাত আটটায়।”
এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচ এত দেরিতে আয়োজন নিয়ে খোঁচাও মারেন গুয়ার্দিওলা।
“এই সূচির জন্য আপনাদের অনেক ধন্যবাদ। মাদ্রিদে যেতে পারত কম রিকভারি করে, ধন্যবাদ।”
