Published : 06 Dec 2025, 05:20 PM
তিন স্বাগতিক দেশের একটি মেক্সিকো খেলবে ২০২৬ আসরের উদ্বোধনী ম্যাচে। বিশ্ব মঞ্চে প্রথম ম্যাচ খেলা নতুন কিছু নয় তাদের জন্য। কিন্তু এসব ম্যাচের পরিসংখ্যান তাদের জন্য ভুলে যাওয়ার মতোই, সাত ম্যাচে জয় নেই একটিও। প্রায় শত বছরের গেরো কাটিয়ে এবার কি প্রথম জয় পাবে মেক্সিকো?
আগামী ১১ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেক্সিকোর লড়াই দিয়ে শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসর। ২০১০ সালে প্রথমবারের মতো আফ্রিকার মাটিতে হওয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি।
ইতিহাস মেক্সিকোর জন্য দুর্ভাবনার। বিশ্বকাপের ৭ উদ্বোধনী ম্যাচের পাঁচটিতেই হেরেছে মেক্সিকো, ড্র করেছে দুটিতে, যার একটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। গোল হজম করেছে ১৯টি, দিতে পেরেছে কেবল দুটি।
১৯৩০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ৪-১ গোলে হারে মেক্সিকো। ১৯৫০ আসরে ব্রাজিলের বিপক্ষে ৪-০ ও পরের আসরে একই দলের বিপক্ষে ৫-০ গোলে হারে তারা।
১৯৫৮ আসরে ৩-০ গোলে হারে সুইডেনের বিপক্ষে। পরের আসরে ব্রাজিলের বিপক্ষে মেক্সিকো ফের হারে ২-০ গোলে।
১৯৭০ আসরে প্রথমবার কোনো উদ্বোধনী ম্যাচে হার এড়াতে পারে মেক্সিকো। সেই সময়ের সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা।
পরের ৯ আসরে আর উদ্বোধনী ম্যাচে খেলা হয়নি মেক্সিকোর। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা।
তিন আসর পর ফের উদ্বোধনী ম্যাচে খেলবে মেক্সিকো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই কেবলই আরেকটি ম্যাচ নয়, যেন মেক্সিকোর জন্য এক কঠিন পরীক্ষা।