বার্সেলোনায় চ্যাম্পিয়ন্স লিগ ফেরানোর প্রত্যয় ইয়ামালের
ইউরোপ সেরা ট্রফি জয়ের চেষ্টায় হাল না ছাড়ার প্রতিশ্রুতি দিলেন তরুণ এই ফরোয়ার্ড।
প্রতিপক্ষের মাঠে জিতেও কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায়ের পর, চ্যাম্পিয়ন্স লিগ জয়ে হাল না ছাড়ার প্রত্যয় জানালেন লামিনে ইয়ামাল। তরুণ এই ফরোয়ার্ড ইউরোপ সেরার ট্রফি বার্সেলোনায় ফেরানোর প্রতিশ্রুতি দিলেন।
চ্যাম্পিয়ন্স লিগে গত আসরে সেমি-ফাইনালে খেলেছিল বার্সেলোনা। এবার বিদায় নিল কোয়ার্টার-ফাইনাল থেকে। ঘরের মাঠে ২-০ গোলে হারার পর, আতলেতিকো মাদ্রিদের মাঠে ২-১ গোলে জিতেও লক্ষ্য পূরণ হয়নি ইয়ামালদের।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফল যাই হোক, শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার কথা বলেছিলেন ইয়ামাল। মঙ্গলবার রাতে কথা রাখেন তিনি। মেত্রোপলিতানোয় ১০ জন নিয়েও প্রবল লড়াই করেন তারা।
শেষ পর্যন্ত ৩-২ অগ্রগামিতায় আতলেতিকো সেমি-ফাইনালে পৌঁছেছে। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে এক বার্তায় এই ট্রফির জন্য লড়াই চালিয়ে যাওয়ার পণ জানিয়েছেন ইয়ামাল।
“আমরা আমাদের সবটুকু দিয়েছি, তবে এটা যথেষ্ট ছিল না। এটা কেবল যাত্রার একটি অংশ। চূড়ায় যেতে হলে আপনাকে ধীরে ধীরে উপরে উঠতে হবে। আমরা জানি, এটা সহজ হবে না, তারাও আমাদের জন্য কাজটা সহজ রাখবে না। তবে হাল ছেড়ে দেওয়া যাবে না।”
২০১৫ সালে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতে বার্সেলোনা। যত দ্রুত সম্ভব এই খরা ঘোচাতে উন্মুখ ইয়ামাল।
“আমাদের আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে এবং এর জন্য নিজেদের উজাড় করে দেব। প্রতিটি ভুল একটি শিক্ষা এবং আপনারা নিশ্চিত থাকতে পারেন যে, প্রতিটি থেকে আমরা শিখব।”
“আমরা বার্সা এবং যেখানে থাকা আমাদের প্রাপ্য, আমরা সেখানে ফিরব। বাবা-মা আমাকে শিখিয়েছে যে, কথা দিলে সেটা অবশ্যই রাখতে হবে… আর আমরা এই ট্রফি বার্সেলোনায় ফিরিয়ে আনব।”
