Published : 10 May 2026, 12:46 PM
ম্যাচ চলার সময় গ্যালারি থেকে ‘দুয়ো’ ভেসে এলো কয়েক দফায়। ম্যাচ শেষেও ভেসে এলো সেই সুর। এসব দুয়ো আর্না স্লটের জন্য। লিভারপুলের কোচের প্রতি সমর্থকদের বিরক্তি ও ক্ষোভ এখন প্রকাশ্যই। তবে তার বিশ্বাস, আগামী মৌসুমেই আবার সমর্থকদের মন জয় করতে পারবেন তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার ঘরের মাঠে চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করে লিভারপুল। মৌসুম শুরুর আগে দলবদলের বাজারে কাড়ি কাড়ি পাউন্ড খরচ করেও দলকে প্রতিদান দিতে পারেননি স্লট। প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই থেকে ছিটকে পড়েছে তারা বেশ আগেই। চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপে পথচলা থমকে গেছে কোয়ার্টার-ফাইনালে। লিগ কাপে বিদায় নিয়েছে তারা চতুর্থ রাউন্ড থেকে।
ম্যাচের পর স্লটকে জিজ্ঞেস করা হয়, ভক্তদের আস্থা তিনি আবার অর্জন করতে পারবেন কি না। তার আত্মবিশ্বাসী উত্তর, “হ্যাঁ, আমি এরকমই মনে করি…।”
তবে এই মৌসুমে যে সম্ভব নয়, সেটিও বললেন অকপটেই। আগামী দলবদলের বাজারে আরও অর্থ ঢেলে দলকে গুছিয়ে নেওয়ার আশা তার।
“এই মৌসুমে নয়…। এই মৌসুমে তাদের (সমর্থকদের) নিজস্ব মতামত থাকবে এবং তাতে কোনো পরিবর্তন আসবে না। কিন্তু আমরা গ্রীষ্মকালীন দলবদলের জন্য যে পরিকল্পনা করছি, তা যদি করতে পারি, তাহলে আমি শতভাগ নিশ্চিত যে, আগামী মৌসুমে আমরা এখনকার চেয়ে একটি ভিন্ন দল হব। ফলাফলের দিক থেকে ভিন্ন, সবকিছু দেখতেও আলাদা হবে।”
“ব্যাপারটা সবসময় এত সহজ নয়। কারণ, কখনও কখনও যদি জানাও থাকে কী করতে হবে, তবু চাওয়ার সঙ্গে পাওয়া মেলে না। আমাদের জন্য, আমার জন্য, এটা খুবই স্পষ্ট যে এই মৌসুমে আমাদের কিসের অভাব রয়েছে এবং আমরা চেষ্টা করছি।”
৩৬ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে আপাতত প্রিমিয়ার লিগের চার নম্বরে আছে লিভারপুল। রোববার বার্নলিকে হারালেই অবশ্য চারে উঠে আসবে অ্যাস্টন ভিলা।