২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩-০ ব্যবধান ঘুচিয়ে দেওয়ার ‘খুব বেশি সম্ভাবনা’ দেখছেন না গুয়ার্দিওলা

রেয়াল মাদ্রিদের মাঠে বড় ব্যবধানে হারলেও, কোয়ার্টার-ফাইনালে ওঠার জন্য সবরকম চেষ্টা তারা করবেন বলেও জানিয়ে দিলেন ম্যানচেস্টার সিটি কোচ।

৩-০ ব্যবধান ঘুচিয়ে দেওয়ার ‘খুব বেশি সম্ভাবনা’ দেখছেন না গুয়ার্দিওলা
পেপ গুয়ার্দিওলা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2026, 05:31 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

রেয়াল মাদ্রিদের মাঠে তিন গোলের ব্যবধানে হারের পর ম্যানচেস্টার সিটির ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ‘খুব কম’ মনে করেন পেপ গুয়ার্দিওলা। তবে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার জন্য সবরকম চেষ্টা ঠিকই করবেন, জানালেন ইংলিশ ক্লাবটির কোচ।

শেষ ষোলোর প্রথম লেগে বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে ৩-০ গোলে হারে সিটি। প্রথমার্ধেই গোল তিনটি করেন ফেদেরিকো ভালভের্দে।

ব্যবধান আরও বাড়তে পারত, তবে নির্ধারিত সময়ের আধা ঘন্টার বেশি সময় বাকি থাকতে ভিনিসিউস জুনিয়রের পেনাল্টি ঠেকিয়ে দেন জানলুইজি দোন্নারুম্মা। সেটিই কিছুটা আশাবাদী করছে গুয়ার্দিওলাকে। 

“স্পষ্টতই ৩-০ ব্যবধান ৪-০ এর চেয়ে ভালো। হতাশাজনক ফলাফল। আমরা এটা অস্বীকার করতে পারি না। ছয় দিনে আমরা রিকভার করব এবং আবার চেষ্টা করব।”

তবে সত্যিকারের সম্ভাবনা তেমন একটা দেখতে পাচ্ছেন না ক্যারিয়ারে রেয়ালের বিপক্ষে ২৯ বারের দেখায় ১৪টি জেতা গুয়ার্দিওলা।

“আমার মনে হয় না, আমাদের খুব বেশি সুযোগ আছে, তবে আমি বলতে চাই, অবশ্যই আমরা চেষ্টা করব। আমরা মাঠে নামব, আমাদের সমর্থকদের নিয়ে চেষ্টা করব। আক্রমণভাগে আরও সক্রিয় হওয়ার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব।”

আগামী মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে হবে ফিরতি লেগ।