পিএসজির শেষ লিগ ম্যাচের স্কোয়াডে নেই এমবাপে
দলটির জার্সি গায়ে তারকা এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ হতে পারে লিওঁর বিপক্ষে ফরাসি কাপের ফাইনাল।
মৌসুমের শেষ লিগ ম্যাচে কিলিয়ান এমবাপেকে ছাড়াই খেলবে পিএসজি। মেসের বিপক্ষে লড়াইয়ের জন্য সাজানো স্কোয়াডে ফরাসি এই তারকাকে রাখেননি কোচ লুইস এনরিকে।
আগেই লিগ আঁর রেকর্ড দ্বাদশ শিরোপা ঘরে তুলেছে পিএসজি। ৩৩ ম্যাচে ৭৩ পয়েন্ট পাওয়া দলটি রোববার মুখোমুখি হবে মেসের।
ম্যাচটির জন্য কোচ এনরিকের ঘোষিত ২০ সদস্যের দলে নেই এমবাপে। এমনকি চোটের কারণে বিবেচনায় না থাকা খেলোয়াড়দের তালিকায়ও নেই তার নাম। বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ডের অনুপস্থিতির কারণ হিসেবে কিছুই জানায়নি পিএসজি।
পিএসজির হয়ে সাত মৌসুমে এমবাপে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০৭ ম্যাচে করেছেন ২৫৬ গোল। ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার দলের সবশেষ ম্যাচে নিসের বিপক্ষেও খেলতে পারেননি। তখন জানানো হয়েছিল, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন তিনি।
চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়ার ঘোষণা এরই মধ্যে দিয়েছেন এমবাপে। ক্লাবটির জার্সিতে শেষবার তাকে দেখা যেতে পারে ফরাসি কাপের ফাইনালে। আগামী শনিবার শিরোপার লড়াইয়ে লিওঁর মুখোমুখি হবে পিএসজি।
পিএসজি ছেড়ে কোথায় যাচ্ছেন, সেটা এখনও খোলাসা করেননি এমবাপে। তবে সবার জোর ধারণা, শৈশবের প্রিয় ক্লাব রেয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।
