২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিগের বাকি ১২ ম্যাচ গুয়ার্দিওলার চোখে ‘অনন্ত পথচলা’

ম্যানচেস্টার সিটি কোচ আপাতত লিগ শিরোপার কথা না ভেবে মনোযোগ দিতে চান নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে।

লিগের বাকি ১২ ম্যাচ গুয়ার্দিওলার চোখে ‘অনন্ত পথচলা’
পেপ গুয়ার্দিওলা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 08:59 AM

Updated : 26 Aug 2026, 02:59 PM

লিগ টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান পাঁচ পয়েন্টের। ম্যানচেস্টার সিটির হাতে অবশ্য একটি ম্যাচ বেশি আছে, মোট ১২টি। বাকি পথচলায় ব্যবধান ঘুচিয়ে সিটি সাফল্যের শিখরে পৌঁছতে পারবে কি না, সে উত্তর আপাতত সময়ের হাতে তোলা থাকছে। দলটির কোচ পেপ গুয়ার্দিওলাও লিগের বাকি সময় নিয়ে ওঠা প্রশ্নে দার্শনিকের সুরে বললেন ‘যেন অনন্ত পথচলা।‘ 

আপাতত গুয়ার্দিওলার ভাবনার কেন্দ্রে লিগ শিরোপা জয় নয়, নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে শনিবারের ম্যাচটি। ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হবে দুই দল।

লিগ টেবিলে এ মুহূর্তে ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা সিটি ৫৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে শীর্ষস্থানের সাথে ব্যবধান কমানোতেই সব মনোযোগ গুয়ার্দিওলার।

“মৌসুমের শেষ পর্যন্ত অনেক কিছুই ঘটতে পারে। আমি টেবিল নিয়ে ভাবছি না। এসব নিয়ে আমি চিন্তাই করি না …১২ ম্যাচ এক অনন্ত পথচলা। আমার কাছে এটাই সত্যি।”

লিগে টানা তিন ম্যাচ হারের পর টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে জিতে দারুণ উজ্জীবিত নিউক্যাসল। তাদের বিপক্ষে পুরো শক্তির দল পাওয়া নিয়েই ভাবনায় গুয়ার্দিওলা। 

চোটের কারণে গত ম্যাচ খেলতে পারেননি সিটির আক্রমণভাগের মূল ভরসা আর্লিং হলান্ড। ২২ গোল নিয়ে আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা নরওয়ের এই ফরোয়ার্ডকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি পুরোপুরি। তবে গুয়ার্দিওলার জন্য স্বস্তির খবর হয়ে এসেছে ঊরুর চোট কাটিয়ে প্রায় সাত সপ্তাহ পর উইঙ্গার সাভিনিয়োর ফিট হয়ে ওঠা।

লিগ টেবিলে ৩৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে থাকা নিউক্যাসলের বিপক্ষে অবশ্য ‘ফেভারিট’ সিটিই। ২০১৭-১৮ মৌসুম থেকে এ পর্যন্ত ছয়টি লিগ শিরোপা জয়ের আত্মবিশ্বাসও তাদের সঙ্গী। তবে বর্তমান দলের অনেকের অনভিজ্ঞতার দিকটি তুলে ধরে গুয়ার্দিওলা বললেন, অতীতের প্রাপ্তি কোনো বাড়তি সুবিধা দিবে না তার দলকে।

“দলের ৭০ শতাংশ খেলোয়াড় এখন নতুন; তো তাদের এই অভিজ্ঞতা নেই। আগামীকাল জিতলে সেটাই হবে তাদের অভিজ্ঞতা।” 

লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে বেনফিকা-রেয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচে ভিনিসিউস জুনিয়রের বর্ণবাদী আক্রমণে শিকার হওয়ার প্রসঙ্গও উঠল। গুয়ার্দিওলা বললেন, বর্ণবাদের বিচরণ এখন সবখানেই।

“এটা নিয়ে অনেক কাজ করতে হবে…বর্ণবাদ সর্বত্র বিরাজ করছে।”