২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচ খেলবেন ঋতুপর্ণা-আফঈদারা

মূল লড়াইয়ের প্রস্তুতি নিতে অস্ট্রেলিয়া ‘এ’ লিগের দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচ খেলবেন ঋতুপর্ণা-আফঈদারা
বাংলাদেশ দল। ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2026, 09:46 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

প্রথমবারের মতো উইমেন’স এশিয়ান কাপ খেলার লক্ষ্যে বাংলাদেশ পরিকল্পনা সাজাচ্ছে আটঘাট বেঁধে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, মূল লড়াই শুরুর দুই সপ্তাহ আগে দেশ ছাড়বে দল; থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় খেলবে প্রস্তুতি ম্যাচও।

আগামী ১ মার্চ অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে শুরু হবে উইমেন’স এশিয়ান কাপের এবারের আসর। বাংলাদেশ 'বি' গ্রুপে আছে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের সঙ্গে। 

সিডনিতে ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে বাংলাদেশ। একই ভেন্যুতে ৬ মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে খেলবে তারা। উজবেকিস্তানের বিপক্ষে ৯ মার্চের ম্যাচটি হবে পার্থে।

এই প্রতিযোগিতায় সেরা আট দল সরাসরি অলিম্পিকসে এবং সেরা ছয় দল পাবে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ। বুধবার থেকে দল প্রস্তুতিতে নেমে পড়বে বলে জানালেন ফাহাদ করিম।

“আমাদের যে পরিকল্পনা, তাতে ফুটবল দলের অনুশীলন শুরু হয়ে যাচ্ছে বুধবার সকাল থেকে। আর ১৫ বা ১৬ ফেব্রুয়ারি দল ঢাকা ছাড়বে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। তবে সরাসরি অস্ট্রেলিয়া যাবে না, প্রথমে থাইল্যান্ড যাবে। সেখানে এক সপ্তাহের ক্যাম্প চলবে, তারপর চলে যাবে অস্ট্রেলিয়ায়। ২২ ফেব্রুয়ারি থেকে সিডনিতে ক্যাম্প শুরু হবে।”

“সিডনিতে বাংলাদেশ ক্লোজড ডোরে প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া 'এ' লিগের দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স ক্লাবের বিপক্ষে। ২৬ ফেব্রুয়ারি ম্যাচটি হওয়ার সম্ভাবনা আছে। তার আগে থাইল্যান্ডেও প্রস্তুতি ম্যাচ খেলানোর চেষ্টা করছি আমরা। এখনও চূড়ান্ত হয়নি প্রতিপক্ষ। কোনো কারণে থাইল্যান্ডে ম্যাচ খেলা সম্ভব না হলে, অস্ট্রেলিয়ায় আগে চলে যাবে দল এবং সেখানে গিয়ে আরেকটা ম্যাচ আয়োজন করা হবে।”