সাফজয়ী সাবিনা-ঋতুপর্ণাদের পুরস্কৃত করবে বিসিবি
পরপর দুটি উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অর্থ পুরস্কার পাবেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমারা।
ঋতুপর্ণা চাকমার শেষ সময়ের গোলে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখা নিশ্চিত হওয়ার কিছুক্ষণ পরই ফুটবল দলকে অভিনন্দন জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুধু অভিনন্দন বার্তায়ই সীমাবদ্ধ থাকছে না তারা। আর্থিক পুরস্কারের ঘোষণাও দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার রাতে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ধরে রেখেছে ২০২২ সালে জেতা দক্ষিণ এশিয়ান ফুটবল শ্রেষ্ঠত্বের শিরোপা।
সাবিনা খাতুন, ঋতুপর্ণাদের পরপর দুইবার সাফ জেতার সাফল্যে আনন্দিত ফারুক আহমেদ। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর সংবাদমাধ্যমে তিনি অর্থ পুরস্কারের ঘোষণা দেন।
“বিসিবি থেকে পুরস্কৃত করা হবে। তাদেরকে কিছুটা পুরস্কৃত করতে পারব ভেবে আমি খুশি। পরপর দুইবার তারা আমাদের গর্বিত করেছে।”
বছর দুয়েক আগে সাফের প্রথম শিরোপা জেতার পর ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার দিয়েছিল নাজমুল হাসানের তৎকালীন বোর্ড। এবার তাৎক্ষণিকভাবে অর্থ পুরস্কারের পরিমাণ জানাননি ফারুক।
“(পুরস্কারের) পরিমাণটা... দেখি! সব কথা আমি একা বলে দিলে অন্য পরিচালকরা রাগ করতে পারে (হাসি)। তবে হ্যাঁ, ভালো একটা পরিমাণ দেওয়া হবে। আমরা যতটুকু পারি।”
পরে সন্ধ্যায় বিসিবির পক্ষ থেকে জানানো হয়, ২০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে সাবিনাদের।
