২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনায় ফন ডাইক

ইউরোর সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়ার পর ক্লাব ও জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে কিছুটা সংশয়ে নেদারল্যান্ডসের এই অভিজ্ঞ ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2024, 05:46 PM

Updated : 26 Aug 2026, 09:58 AM

ইংল্যান্ডের শেষ মুহূর্তের গোলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনাল থেকে বিদায়ের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইক। এই হতাশা থেকে বের হতে পারলেই ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাববেন বলে জানিয়েছেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।

গত সোমবার ৩৩ বছর পূর্ণ হয়েছে ফন ডাইকের। ৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের এখনও কোনো শিরোপা জিততে পারেননি তিনি। এবার সেই অপ্রাপ্তিকে পূর্ণতা দেওয়ার আশায় ছিলেন তিনি, কিন্তু পারেনি তার দল।

ডর্টমুন্ডে বুধবার রাতে দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হেরে ফন ডাইক ও ডাচদের স্বপ্ন ভেঙে যায়। দুই বছর পর মাঠে গড়াবে পরের বিশ্বকাপ, চার বছর পর ইউরো। ততদিন জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন কিনা, সেটা নিয়ে গুরুত্ব দিয়ে ভাববেন নেদারল্যান্ডসের হয়ে ৭৪ ম্যাচ খেলা ফন ডাইক।

লিভারপুলের সঙ্গেও ফন ডাইকের চুক্তি কেবল আগামী মৌসুম পর্যন্ত। বছরের শুরুর দিকে দলটির সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আগাম ঘোষণা দেওয়ার সময়ই ইংলিশ ক্লাবটি ছাড়ার ভাবনা এসেছিল তার।

পরে অবশ্য আরও একটি মৌসুম থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ক্লাব ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও কিছুদিনের মধ্যে ভাববেন বলে ইংল্যান্ড ম্যাচ শেষে জানান ফন ডাইক।

“এই মুহূর্তে (ভবিষ্যৎ নিয়ে) আমার বিন্দুমাত্র ধারণা নেই। ক্লাব পর্যায়ে এবং আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড় হিসেবে আমি কী চাই, তা নিয়ে এই গ্রীষ্মে আমি সতর্কতার সঙ্গে ভাবব। পরে আমরা এসব নিয়ে কথা বলব, প্রথমে এই হারের ধাক্কা কাটিয়ে উঠতে হবে।”