Published : 01 Jun 2026, 11:35 PM
আপাতত পুরো মনোযোগ বিশ্বকাপে দিতে চান রদ্রি। এই সময়ে ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলতে রাজি নন স্পেন অধিনায়ক।
স্প্যানিশ গণমাধ্যমে জোর গুঞ্জন চলছে, গ্রীষ্মে ম্যানচেস্টার সিটি ছেড়ে রেয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন রদ্রি। তবে অভিজ্ঞ মিডফিল্ডার নিজের মনোযোগ এখন অন্য কোথাও দিতে একদমই নারাজ। স্পেনের হয়ে বিশ্বকাপ জিততে তিনি উজাড় করে দিতে চান নিজেকে।
২০২৭ পর্যন্ত সিটির সঙ্গে চুক্তি আছে রদ্রির। তবে এর আগেই তাকে সান্তিয়াগো বের্নাবেউয়ে আনতে চাওয়ার কথা বলেছেন রেয়াল মাদ্রিদের নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী এনরিক রিকুয়েমে।
বিশ্বকাপ পূর্ব ক্যাম্পের জন্য শনিবার স্পেন দলে যোগ দিয়েছেন রদ্রি। সোমবার জাতীয় দলের মিডিয়া ডেতে তিনি কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। এই সময়ে বিশ্বকাপের পরের পরিকল্পনা সম্পর্কে কিছুই জানাননি তিনি।
“আমরা এখানে এসেছি বিশ্বকাপ নিয়ে কথা বলার জন্য। আমার ভবিষ্যতের ব্যাপারে আমি বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব।”
টানা দুটি শিরোপা শূন্য মৌসুম শেষে নিজেদের শক্তি বাড়াতে উন্মুখ রেয়াল। গত সপ্তাহে রিকুয়েমে রদ্রিকে নিয়ে নিজের আগ্রহের কথা জানান। এ নিয়ে তেমন একটা ভাবছেন না অভিজ্ঞ মিডফিল্ডার।
“নির্দিষ্ট কোনো দলের সঙ্গে একজন খেলোয়াড়ের নাম জড়ানো স্বাভাবিক, এটা ফুটবলের অংশ। আমি মনোযোগী, আমি জাতীয় দলের অধিনায়ক। আমি দলের নেতা, আমার কাজ স্পেনকে বিশ্বকাপ জয়ে সাহায্য করা… আমি ওই সব ব্যাপারে নিজের সময় নষ্ট করতে চাই না। বিশ্বকাপের পর আমরা দেখব, কী হয়।”
২০২৪ সালে গুরুতর চোটের পর থেকে বেশ ভুগছেন ব্যালন দ’র জয়ী রদ্রি। সদ্য সমাপ্ত মৌসুমে প্রিমিয়ার লিগে খেলতে পেরেছেন ২১ ম্যাচ।