২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবর্ণ ফুটবলে প‍্যারাগুয়ের মাঠে আর্জেন্টিনার হার

পিছিয়ে পড়ার পরও দারুণ ফুটবলে আর্জেন্টিনাকে হারিয়েছে প‍্যারাগুয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2024, 07:36 AM

Updated : 10 Sep 2026, 12:23 PM

গ‍্যালারি জুড়ে শুধুই প‍্যারাগুয়ের লাল-সাদা স্ট্রাইপের জার্সি। আর্জেন্টিনার জার্সি কিছু আছে কী না একদমই বোঝা গেল না। মাঠেও যেন একই চিত্র! প‍্যারাগুয়ের চমৎকার ফুটবলের সামনে খুঁজেই পাওয়া গেল না বিশ্ব চ‍্যাম্পিয়নদের। বিশেষ করে দ্বিতীয়ার্ধে ভুগল বল দখলে রাখতে, পরিষ্কার সুযোগ তৈরি করতে। উজ্জীবিত ফুটবলে লিওনেল স্কালোনির দলকে হারিয়ে দিল প‍্যারাগুয়ে।  

বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে শুরুতে এগিয়ে গিয়েও ২-১ ব‍্যবধানে হেরেছে আর্জেন্টিনা। আসরে এটি তাদের তৃতীয় হার। 

লাউতারো মার্তিনেসের গোলে এগিয়ে যাওয়া লাতিন আমেরিকার চ‍্যাম্পিয়নরা ধরে রাখতে পারেনি ব‍্যবধান। আন্তোনিও সানাব্রিয়া সমতা ফেরানোর পর প‍্যারাগুয়ে জয় এনে দেন ওমার আলদেরেতে।  

ঘরের মাঠে অষ্টম মিনিটে প্রথম ভালো সুযোগ পায় প‍্যারাগুয়ে। কর্নার থেকে শট একটুর জন‍্য লক্ষ‍্যে রাখতে পারেননি দিয়েগো গোমেস। পরের মিনিটে মিগেল আলমিরনের বাইসাইকেল কিক ব‍্যর্থ হয় নিকোলাস তাগলিয়াফিকোর মুখে লেগে। 

একাদশ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। শুরুতে অফসাইড দেন লাইন্সম‍্যান। পরে ভিএআরের সাহায‍্য নিয়ে গোলের বাঁশি বাজান রেফারি। 

এনসো ফের্নান্দেসের থ্রু পাস ধরে লেগে থাকা ডিফেন্ডারকে পেছনে ফেলে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন লাউতারো মার্তিনেস। তেমন কিছু করার ছিল না গোলরক্ষকের। জাতীয় দলের হয়ে টানা দুই ম‍্যাচে গোল পেলেন ইন্টার মিলান স্ট্রাইকার। বলিভিয়ার বিপক্ষে ৬-০ ব‍্যবধানের জয়ে দ্বিতীয় গোলটি করেছিলেন তিনি। 

১৯তম মিনিটে গুস্তাভো গোমেসের হেড ক্রসবারে লেগে ফিরলেও বিপদমুক্ত করতে পারেনি আর্জেন্টিনা। পরে দিতে হয় এরই মাশুল। বাইলাইনের কাছাকাছি জায়গা থেকে গুস্তাফো ভেলাসকেসের ক্রসে সানাব্রিয়ার দৃষ্টিনন্দন বাইসাইকেল কিক পোস্ট ঘেঁষে জড়ায় জালে। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি দুই ম‍্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে পোস্টের নিচে ফেরা এমিলিয়ানো মার্তিনেস।

ছয় মিনিট পর নাহুয়েল মোলিনার ক্রসে বল পেয়ে শট লক্ষ‍্যে রাখতে পারেননি লিওনেল মেসি। ৩২তম মিনিটে একটুর জন‍্য আর্জেন্টিনা অধিনায়কের চমৎকার চিপের নাগাল পাননি হুলিয়ান আলভারেস। ১২ মিনিট পর মেসির শট প‍্যারাগুয়ের এক খেলোয়াড় ঠেকিয়ে দেওয়ার পর ফিরতি বলে দুর্বল শট নিয়ে হতাশ করেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় প‍্যারাগুয়ে। ৪৭তম মিনিটে গোমেসের ফ্রি কিকে ছুটে গিয়ে আলদেরেতে ডাইভিং হেডে খুঁজে নেন জাল। 

বিরতির পর মাঠে নামেননি ক্রিস্তিয়ানো রোমেরো। টনেটহ‍্যাম হটস্পার ডিফেন্ডারের জায়গায় মাঠে আসা লিওনার্দো বেলার্দির ফাউলেই ফ্রি কিক পেয়েছিল প‍্যারাগুয়ে। 

পিছিয়ে পড়ার পর যেন খেই হারিয়ে ফেলে আর্জেন্টিনা। ভুগতে থাকে বল দখল রাখতে। আক্রমণাত্মক ফুটবলে বিশ্ব চ‍্যাম্পিয়নদের চেপে ধরে প‍্যারাগুয়ে। ৬৯তম মিনিটে খেলার ধারার বিপরীতেই দারুণ সুযোগ পেয়েছিলেন রদ্রিগো দে পল। তবে গোলরক্ষককে একা পেয়েও অনেক উপর দিয়ে মেরে হতাশ করেন এই মিডফিল্ডার। 

৭৯তম মিনিটে সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিলেন মেসি। তার দূরপাল্লার শট একজনের গায়ে লেগে বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। আট মিনিট পর আর্জেন্টিনা অধিনায়কের কর্নারে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি একটু আগে বদলি নামা তাতি কাস্তেয়ানোস।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আবার সুযোগ পান তিনি। দে পলের ক্রসে তার হেড বেরিয়ে যায় পোস্টের পাশ দিয়ে। ২০১৬ সালের পর আর্জেন্টিনার বিপক্ষে প্রথম জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে প‍্যারাগুয়ে। সেবার তারা জিতেছিল প্রতিপক্ষের মাঠে।

১১ ম‍্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আর্জেন্টিনা। ১০ ম‍্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা কলম্বিয়ার সামনে সুযোগ আছে পয়েন্টের দিক থেকে তাদের পাশে বসার। 

এদিনই ভেনেজুয়েলার সঙ্গে ১-১ ড্র করা ব্রাজিল ১৭ পয়েন্ট নিয়ে আছে তিনে। 

আর্জেন্টিনাকে হারিয়ে পাঁচে উঠে এসেছে প‍্যারাগুয়ে। এক ম‍্যাচ কম খেলা উরুগুয়ে সমান ১৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক‍্যে এগিয়ে আছে চারে।