২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

দে লা ফুয়েন্তেকে কল করবেন স্কালোনি, যদি…

লিওনেল স্কালোনি কখন কল করবেন সেটা মূলত নির্ভর করছে ইংল‍্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম‍্যাচের ফলের উপর।

দে লা ফুয়েন্তেকে কল করবেন স্কালোনি, যদি…
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2026, 01:04 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়া স্পেনের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন লিওনেল স্কালোনি। তবে এখনও স্প‍্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে কথা হয়নি আর্জেন্টিনা কোচের। কখন কথা হবে, সেটা নির্ভর করছে ইংল‍্যান্ডের বিপক্ষে বিশ্ব চ‍্যাম্পিয়নদের ম‍্যাচের উপর। 

প্রথম সেমি-ফাইনালে ফ্রান্সকে ২-০ হারিয়েছে ইউরোপিয়ান চ‍্যাম্পিয়ন স্পেন। তাদের বিপক্ষে গত বছর ফিনালিস্সিমায় খেলার কথা ছিল কোপা আমেরিকার চ‍্যাম্পিয়ন আর্জেন্টিনার। মধ‍্যপ্রাচ‍্যে সংঘাত পরিস্থিতিতে সেই ম‍্যাচ হয়নি।

ইংল‍্যান্ডকে হারাতে পারলে দুই মহাদেশের দুই চ‍্যাম্পিয়ন দল মুখোমুখি হবে ফাইনালে। তেমন কিছু ঘটার সম্ভাবনা মাথায় রেখে  আপাতত বন্ধু দে লা ফুয়েন্তের সঙ্গে এখনই কথা বলতে চান না স্কালোনি।

“আমি দে লা ফুয়েন্তের জন্য খুশি, এটা তার প্রাপ‍্য। তিনি চমৎকার একজন মানুষ। তার জাতীয় দলে যা দেখি তা আমরা নিজেদের জাতীয় দলে দেখার আশা করি। যদি সব আমাদের জন‍্য ভালো না যায় তো, আমি তাকে কল করব… যদি আমরা তার বিপক্ষে ফাইনাল খেলি… তাহলে না। আশা করি, ফাইনালের আগে তাকে কল করতে হবে না।” 

প্রথম সেমি-ফাইনাল পুরোপুরি দেখতে পারেননি আর্জেন্টিনা কোচ। তবে যতটুকু দেখেছেন তাতে স্পেনকে শ্রেয়তর দল মনে হয়েছে তার। 

“আমি পুরো ম‍্যাচ দেখতে পারিনি। তবে জয় ওদের প্রাপ‍্য ছিল। আজকের ম‍্যাচে তারা দারুণ ফুটবল খেলেছে। যত দিন যাচ্ছে তত তারা উন্নতি করছে। এটা এখন পর্যন্ত বিশ্বকাপে তাদের সেরা ম‍্যাচ।” 

আটলান্টায় ১৬ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল‍্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।