ভবিষ্যতের জন্য ‘ভালো শিক্ষা’ পেয়েছেন গুয়ার্দিওলা
এত বছরের অভিজ্ঞতার পরও ভালো শিক্ষা হলো, বলছেন ম্যানচেস্টার সিটির কোচ।
সময়ের সেরা কোচদের একজন তো বটেই, সর্বকালের সেরা কোচদেরও একজন পেপ গুয়ার্দিওলা। কোচ হিসেবে অভিজ্ঞতা দেড় যুগের। জিতেছেন কত কত শিরোপা, গড়েছেন ইতিহাস। সেই তিনিও ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নতুন এক অভিজ্ঞতা পেলেন। ম্যানচেস্টার সিটির কোচ নিজেই বলছেন, এত বছরের অভিজ্ঞতার পর নিজ দল নিয়েই ভালো শিক্ষা পেয়েছেন তিনি।
সবশেষ দুটি ম্যাচেই হেরেছে ম্যানচেস্টার সিটি। চ্যাস্পিয়ন্স লিগে তারা ২-০ গোলে হেরেছে বায়ার লেভারকুজেনর কাছে। এর আগে গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরেছে ২-১ গোলে।
নিউক্যাসলের বিপক্ষে পরাজয়ে কোনো আক্ষেপ নেই গুয়ার্দিওলার। কিন্তু তিনি হতাশা জানালেন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি নিয়ে। দলের ভেতর তাড়নার ঘাটতি তাকে আহত করেছে। সেখানেই তিনি শিখেছেন নতুন করে।
“এটা স্রেফ একটি ফলাফলের ব্যাপার নয়, ব্যাপারটি পারফরম্যান্সের (ঘাটতির)। হ্যাঁ, ফল ভালো হতে থাকলে পারফরম্যান্সও ক্রমে ভালো হয়। তবে সত্যি বলতে, নিউক্যাসলের ম্যাচের ফল নিয়ে আমি খুব হতাশ নই। তবে সবশেষ ম্যাচটিতে (লেভারকুজেনের বিপক্ষে) আমি হতাশ। কারণ, আমি ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারিনি এবং মাঠে আমরা চেষ্টাই করিনি। ফুটবলে মাঠে নেমে নানা কিছু চেষ্টা করতে হয়, কিন্তু আমরা কিছুই করিনি।”
“ওই দিন ছেলেরা চেয়েছে কোনো ভুল না করতে, কিন্তু দারুণ কিছু করার তাড়না ছিল না। আমার জন্যও এটাও ভালো শিক্ষা। ম্যানেজার হিসেবে আমার এত অভিজ্ঞতার পরও, ভবিষ্যতের জন্য আমার বড় শিক্ষা এটি।”
লেভারকুজেনের বিপক্ষে ম্যাচটিতে বড় তারকাদের প্রায় সবাইকে বাইরে রেখে একগাদা পরিবর্তন এনে একাদশ সাজিয়েছিলেন গুয়ার্দিওলা। ম্যাচের পর নিজের সিদ্ধান্ত নিয়ে ভুল স্বীকার করেও নেন তিনি।
তবে বিকল্প যাদেরকে মাঠে নামিয়েছিলেন তিনি, তাদের ওপর তার আস্থার ঘাটতি নেই এখনও।
“ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর কৌশল আমার আছে, কারণ টানা খেলে টিকে থাকা কঠিন। কিন্তু ওদের (বিকল্প ফুটবলার) ওপর আমার বিশ্বাস অনেক এবং সেটা এখনও আছে। ফুটবলার হিসেবে ওরা যেমন, সেটাকে দারুণ মূল্য দেই আমি। হয়তো ওরা নিজেদের যেভাবে দেখে, আমি ওদেরকে আরও বেশি উঁচুতে দেখি।”
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার লিডস ইউনাইটেডের বিপক্ষে খেলবে গুয়ার্দিওলার দল।
