২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিষ্কার জবাব চাইলেন গুয়ার্দিওলা, বন্ধুত্বের জয়গান গাইলেন আর্তেতা

মিকেল আর্তেতার মন্তব্যের সুনির্দিস্ট ব্যাখ্যা দাবি করলেন পেপ গুয়ার্দিওলা, আর্সেনাল কোচ বললেন, এসব ঘটনা প্রভাব ফেলবে না তাদের ব্যক্তিগত সম্পর্কে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2024, 12:04 PM

Updated : 26 Aug 2026, 10:33 AM

এখন তারা প্রবল প্রতিদ্বন্দ্বী। তবে এক সময় ছিলেন এক ডাগআউটেই। সেখান থেকে বন্ধুত্বও রয়ে গেছে। তবে এবার মিকেল আর্তেতার একটি মন্তব্যকে প্রশ্নবিদ্ধ করছেন পেপ গুয়ার্দিওলা। আর্সেনাল কোচের কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যার দাবিও তুলছেন ম্যানচেস্টার সিটি কোচ। আর্তেতা অবশ্য বলছেন, চলমান ঘটনাপ্রবাহ প্রভাব ফেলবে না তাদের ব্যক্তিগত সম্পর্কে। 

ইংলিশ প্রিমিয়ার লিগে গত রোববার দুই দলের ম্যাচ থেকেই সবকিছুর সূত্রপাত। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকা আর্সেনাল লাল কার্ডের কারণে একজনকে হারিয়েও জয়ের দুয়ার পৌঁছে গিয়েছিল। কিন্তু শেষ সময়ে গোল করে ম্যাচ ড্র করে ম্যানচেস্টার সিটি। 

তুমুল উত্তেজনাপূর্ণ সেই ম্যাচ চলার সময়ই দুই দলের ফুটবলারদের মধ্যে লেগে যাওয়ার উপক্রম হয় কয়েক দফায়। ম্যাচ শেষেও দুই দলের বেশ কয়েকজনকে দেখা যায় তর্ক করতে ও বিবাদে জড়াতে। 

ম্যাচ জেতার জন্য আর্সেনাল ‘কূটকৌশলের’ আশ্রয় নিয়েছিল বলে ম্যাচের পর সংবাদমাধ্যমে অভিযোগ করেন ম্যানচেস্টার সিটির ফুটবলারদের কয়েকজন। আর্সেনালের সময়ক্ষেপণের কৌশলকে ‘চতুর কিংবা নোংরা’ বলে অভিহিত করেন সিটির শেষ সময়ে গোল করা নায়ক জন স্টোনস। বের্নার্দো সিলভাও একই সুরে বলেন, আর্সেনাল ম্যাচের শুরু থেকে অপকৌশল নিয়েছে। 

সিটির কোচ পেপ গুয়ার্দিওলা বলেন, আর্সেনাল এমন কিছু করবে ধরে নিয়েই দলকে প্রস্তুত রেখেছিলেন তিনি। 

এসবের প্রেক্ষিতে আর্সেনাল কোচ আর্তেতা রহস্যপূর্ণ কণ্ঠে বলেন, “আমি সেখানে ছিলাম চার বছর। আমার কাছে সব তথ্যই আছে, বিশ্বাস করুন…।”

আর্সেনালের দায়িত্ব নেওয়ার আগে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত সিটিতে গুয়ার্দিওলার সহকারী কোচ ছিলেন আর্তেতা। 

সাবেক সহকারীর এমন মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা তির ছুড়তে সময় নেননি গুয়ার্দিওলা। 

“সে এরকম বলেছে? পরেরবার তার আরও পরিষ্কার করে বলা উচিত, সুনির্দিষ্ট করে কী বোঝাতে চায় সে। সে বলেছে যে, এখানে চার বছর ছিল এবং এখানে কী হয়েছে, সব জানে। তাহলে এটা ১১৫টি অভিযোগ (আর্থিক অনিয়মের) সম্পর্কিত হতে পারে, হয়তো সে এরকমই বোঝাতে চাইছে। সে হয়তো এগুলো সম্পর্কে কিছু জানে।” 

“আশা করি, এই প্রশ্নও তাকে করা হয়েছে। ‘সে এখানে ছিল এবং এখানে কী হয়, সব জানি’, এটা বলে সে ঠিক কী বোঝাতে চাইছে, এটা তার পরিষ্কার করা উচিত। ধোঁয়াশা না ছড়িয়ে সুনির্দিষ্ট করে বলা উচিত।”

ম্যাচ চলার সময় ও ম্যাচ শেষে দুই দলের ফুটবলারদের মধ্যে যা হয়েছে, তাতে সমস্যার কিছু দেখেন না গুয়ার্দিওলা। ইটের জবাব পাটকেলে দেওয়ার নীতিতে বিশ্বাসী তিনি। 

“আমি বলব, অনেক সময় আবেগ এখানে প্রভাব ফেলে। গাব্রিয়েল ম্যাচ শেষে উপযুক্তভাবেই বলেছে। কাজেই এটা যদি যুদ্ধই হয়, প্রতিপক্ষকে উসকে দিতে হবে আমাদের, ধাক্কাধাক্কি করতে হবে। দিন শেষে, আর কী করার আছে!”

“আমাদেরকে তাই বলতেই হবে, ‘তুমি আমাকে উত্তেজিত করছো? ঠিক আছে। আমিও আছি। তুমি যুদ্ধ চাও? ঠিক আছে, যুদ্ধই করব।’ এই ধরনের চ্যালেঞ্জ আর্সেনাল বয়ে আনে, আমার সমস্যা নেই।”

গুয়ার্দিওলার প্রশ্নের সরাসরি জবাব না হলেও দুই দলের এই টানাপোড়েন ও উত্তেজনাময় পরিস্থিতির প্রেক্ষিতে আর্তেতা বললেন, এসব ব্যাপার তাদের দুজনের ব্যক্তিগত সম্পর্ককে প্রভাবিত করবে না। 

“আমি তাকে ভালোবাসি, তাকে সম্মান করি, তাকে ও তার দলকে সমীহ করি। তিনি যা করেন, সবকিছুরই প্রশংসা করি। এটা তো একটা খেলা, পেশা তাই একটি ব্যাপার। তবে আমাদের ব্যক্তিগত সম্পর্ক ভিন্ন ব্যাপার।”

“একটি ড্রয়ে বা প্রতিপক্ষ জিতলেই যদি আমাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতো, তাহলে তারা আমাদেরকে যে পরিমাণে হারিয়েছে, তার সঙ্গে আমি আর কথাই বলতাম না। আমাদের সম্পর্ক সেরকম নয়। বিশেষ করে, যে রকম সম্পর্ক আমাদের মধ্যে আছে বলে আমি মনে করি। পেশাগত ব্যাপার আমাদের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে কখনও বাধা হবে না, এটা নিশ্চিত।”

পেশাদার জগতে এসব ঘটনাকে স্বাভাবিক ধরে নিয়েই সামনে তাকাচ্ছেন আর্সেনাল কোচ। 

“অন্যের মতামত পছন্দ না হলে এরকম দায়িত্বে থাকা উচিত নয়, যেখানে আমি আছি। বেশ স্বাভাবিক ব্যাপার এটা। এটাকে ব্যক্তিগতভাবে নেওয়ার কিছু নেই। আমাদের কাজের অংশই এটা। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ঠিকভাবে এসব সামলানো নিশ্চিত করা।”