বয়সকে জয় করে শীর্ষ পর্যায়ে খেলে যেতে চান রোনালদো
তরুণদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জই খেলা চালিয়ে যেতে অনুপ্রাণিত করে ফুটবল বিশ্বের এই নক্ষত্রকে।
বয়স হয়ে গেছে ৩৯ বছর। কিন্তু এর ছাপ তেমন একটা পড়েনি ক্রিস্তিয়ানো রোনালদোর পারফরম্যান্সে। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও ম্যাচের পর ম্যাচে নিজের সেরাটা দিয়ে যাচ্ছেন পর্তুগিজ তারকা। কবে থামবেন তিনি?-থেমে নেই এই আলোচনাও। তবে, এখন অবধি অবসর নিয়ে কোনো ভাবনা নেই তার। ফুটবল বিশ্বের এই নক্ষত্র বলেছেন, তরুণদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার চ্যালেঞ্জ তাকে আরও অনুপ্রাণিত করছে খেলা চালিয়ে যেতে।
ইউরোপিয়ান ফুটবলের পাঠ চুকিয়ে ২০২৩ সালের জানুয়ারিতে রোনালদো পাড়ি জমান সৌদি আরবে। দেশটির ক্লাব আল নাস্রের হয়ে খেলছেন তারকা এই ফরোয়ার্ড। ফুটবলের সবুজ আঙিনায় এখনও তিনি দুর্বার, প্রতিপক্ষের গোলমুখে দারুণ কার্যকর; বয়স যেন তার জন্য কেবলই একটা সংখ্যা।
চলতি মৌসুমে আল নাস্রের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৪১ ম্যাচ খেলে ৪২ গোল করেছেন রোনালদো। অ্যাসিস্ট করেছেন ১২টিতে। মৌসুমে এরই মধ্যে চারটি হ্যাটট্রিক করেছেন তিনি। সব মিলিয়ে দলটির জার্সিতে ছয়টি হ্যাটট্রিক এখন তার।
রোনালদোর ক্যারিয়ারে মোট হ্যাটট্রিক ৬৬টি। বয়স ৩০ পেরিয়ে যাওয়ার পর হ্যাটট্রিক করেছেন তিনি ৩৬টি! এই বয়সে এসেও শীর্ষ পর্যায়ে নিজের সেরাটা দিতে পারায় বেশ গর্ববোধ করেন রোনালদো। হুপ পডকাস্টে বুধবার বললেন, এখনও ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারা তার কাছে অসাধারণ এক অর্জন।
“আমি এই বয়সে খেলতে পেরে এবং এখনও শীর্ষ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরে গর্বিত। দুর্দান্ত ব্যাপার, আর এটাই খেলা চালিয়ে যেতে আমাকে অনুপ্রাণিত করে।”
“গত ২০ বছরের ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যাবে, আমার অবস্থান অনেক উঁচুতে। ২০ বছর ধরে শীর্ষে থাকতে পারা অবিশ্বাস্য। এটা আমি করেছি এবং এখনও করে যাচ্ছি। আমার জন্য যা অনেক বড় অর্জন।”
ম্যানচেস্টার ইউনাইটেড ও রেয়াল মাদ্রিদের সাবেক তারকা রোনালদো এখন পর্যন্ত ক্যারিয়ারে ৮৯১ গোল করেছেন। আন্তর্জাতিক ফুটবলে তার ১২৮ গোলের চেয়ে বেশি করতে পারেননি কেউ।
এখনও খেলা চালিয়ে যেতে, নিজেকে উজাড় করে দেওয়ার অনুপ্রেরণা কিভাবে পান, সেটাও তুলে ধরলেন রোনালদো।
“আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো খেলা চালিয়ে যাওয়া। টানা এই পর্যায়ে খেলে যাওয়া সহজ নয়। এখনও নিজেকে তাড়িত করা, অনুপ্রাণিত করা, খেলা চালিয়ে যাওয়া, গোল করা, (শারীরিকভাবে) ভালো অবস্থায় থাকা, দলে আসা তরুণদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা এবং যখন তারা আমার বিপক্ষে খেলে, তখন দেখাতে চায় যে তারা আমার চেয়ে শক্তিশালী এবং দ্রুত-এসবের জন্য শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও খুব ভালো প্রস্তুতি নিতে হয়। এটাই চ্যালেঞ্জ।”
পাঁচটি ব্যালন দ’র জয়ী রোনালদো বিশ্বাস করেন, প্রতিভার সঙ্গে পরিশ্রমের সঠিক সমন্বয় এবং ধারাবাহিকতা তার দীর্ঘ ক্যারিয়ারের মূল মন্ত্র।
“পরিশ্রম ছাড়া প্রতিভা কিছুই নয়, আবার প্রতিভা ছাড়া পরিশ্রমও কিছুই নয়। দুটিকে একই সঙ্গে কাজে লাগাতে হবে। আমার দুটিই আছে। বলার সুযোগ নেই যে, একটির চেয়ে আরেকটি বেশি আছে আমার। ছোট ছোট বিষয় ব্যবধান গড়ে দেবে। ধারাবাহিকতা ধরে রাখা সবচেয়ে কঠিন কাজ।”
“আপনি কি এভাবে এগিয়ে যেতে চান? এটাই মূল প্রশ্ন। কারণ সবাই ক্রিস্তিয়ানো হতে চায়, কিন্তু এজন্য প্রয়োজনীয় কাজ করাটাই কঠিন। নিয়মানুবর্তিতা সবচেয়ে কঠিন কাজ। আমরা সবাই মানুষ, মাঝেমধ্যে আমিও নিজের মনের সঙ্গে লড়াই করি। অবশ্যই আমার প্রতিদিন জিমে যেতে ভালো লাগে না, কারোর ভালো লাগে না, কিন্তু এটা করতেই হবে।”
