২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেশন্স লিগের শেষ আটে কে কার মুখোমুখি

শিরোপা ধরে রাখার অভিযানে কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে স্পেন; লড়াইয়ে আছে প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল ও ফ্রান্সও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2024, 06:47 PM

Updated : 26 Aug 2026, 10:58 AM

উয়েফা নেশন্স লিগে গ্রুপ পর্বের লড়াই শেষের দুই দিন পরই হয়ে গেলে নকআউট পর্বের ড্র। শিরোপা ধরে রাখার অভিযানে কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে স্পেন। 

সুইজারল্যান্ডের নিয়নে শুক্রবার নেশন্স লিগের নকআউট পর্ব ও প্লে-অফের ড্র অনুষ্ঠিত হয়। 

শিরোপা পুনরুদ্ধারের অভিযানে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। ২০১৮ বিশ্বকাপের ফাইনালে ক্রোয়াটদের হারিয়েই দ্বিতীয়বার বিশ্বসেরার মুকুট পরেছিল ফরাসিরা। 

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে জার্মানির মুখোমুখি হবে ইতালি এবং নেশন্স লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল খেলবে ডেনমার্কের বিপক্ষে।

হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে দুই লেগের কোয়ার্টার-ফাইনাল মাঠের গড়াবে আগামী মার্চে। তবে সেমি-ফাইনাল হবে এক লেগের। শেষ চারের দুই ম্যাচ এবং ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী হবে জুনে।

ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ও সাবেক দুই চ্যাম্পিয়ন পর্তুগাল ও জার্মানি এবারের নেশন্স লিগ গ্রুপ পর্বে কোনো ম্যাচ হারেনি। তাদের সঙ্গে আরেক গ্রুপের চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। 

২০২০ সালের নভেম্বরের পর আর মুখোমুখি হয়নি স্পেন ও নেদারল্যান্ডস, সেই প্রীতি ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। আর প্রতিযোগিতামূলক ফুটবলে তাদের সবশেষ দেখা হয়েছিল ২০১৪ বিশ্বকাপে; শিরোপা ধরে রাখার অভিযানের শুরুতেই সেই ম্যাচে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল স্প্যানিশরা। 

এই ম্যাচের জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে ক্রোয়েশিয়া অথবা ২০২১ সালের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে। নেশন্স লিগে এর আগে মোট চারবার মুখোমুখি হয়েছে ফ্রান্স ও ক্রোয়েশিয়া; দুবার জিতেছে ফ্রান্স ও একবার ক্রোয়েশিয়া, অন্যটি ড্র।

২০১৯ সালের চ্যাম্পিয়ন পর্তুগাল দলে এখনও উজ্জ্বল ক্রিস্তিয়ানো রোনালদো। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ৩৯ বছর বয়সী তারকা ‘এ’ লিগের গোলদাতার তালিকায় আছেন শীর্ষে, ৫ গোল করে।

সব লিগ মিলিয়ে আসরে এখন পর্যন্ত তার চেয়ে বেশি গোল করেছেন কেবল সুইডেনের ভিক্তর ইয়োকেরেশ (৯ গোল, ‘সি’ লিগে), নরওয়ের আর্লিং হলান্ড (৭ গোল, ‘বি’ লিগে) ও রোমানিয়ার রাজভান মারিন (৬ গোল, ‘সি’ লিগে)।

নেশন্স লিগ মাঠে গড়ানোর শুরু থেকে প্রতি আসরেই এর ফরম্যাট বদলাচ্ছে। চতুর্থ আসরে এসে এবারই প্রথম যোগ হয়েছে কোয়ার্টার-ফাইনাল পর্ব। এর আগে ‘এ’ লিগে গ্রুপের কেবল শীর্ষ দল উঠল নকআউট পর্বে, সরাসরি সেমি-ফাইনালে।