১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পর্তুগালের নতুন কোচ জর্জে জেসুস

রোনালদো-ফেলিক্সকে কোচিং করানো পাশাপাশি পর্তুগালের ফুটবল সম্পর্কে ভালো জানেন তিনি।

পর্তুগালের নতুন কোচ জর্জে জেসুস
জর্জে জেসুস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2026, 09:51 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

চার বছরের চুক্তিতে পর্তুগালের কোচের দায়িত্ব নিয়েছেন জর্জে জেসুস। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলটির প্রধান কোচের দায়িত্বে থাকবেন তিনি। 

বিশ্বকাপ থেকে বিদায়ের তিন দিন পর, নতুন কোচ নিয়োগ দিল দেশটি।

লিসবনে শুক্রবার পর্তুগাল ফুটবল ফেডারেশনে জেসুসকে নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। পর্তুগাল ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, “আজ আমরা নতুন এক যাত্রার সূচনা করছি। জাতীয় দলে জনাব জর্জে জেসুসকে স্বাগতম।”

স্পেনের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেয় পর্তুগাল। এর মধ্য দিয়েই শেষ হয় রবের্তো মার্তিনেসের পর্তুগাল অধ্যায়। 

গত মে মাসে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাস্‌রকে সৌদি প্রো লিগের শিরোপা জেতান হেসুস। সেই সফল অধ্যায় শেষে, ৩৬ বছরের কোচিং ক্যারিয়ারে প্রথমবার কোনো জাতীয় দলের দায়িত্ব নিলেন ৭১ বছর বয়সী এই পর্তুগিজ।

আল নাস্‌রে পর্তুগিজ তারকা রোনালদো ও জোয়াও ফেলিক্সকে কোচিং করানোর অভিজ্ঞতা হয়েছে জেসুসের। পাশাপাশি পর্তুগিজ ফুটবল সম্পর্কেও ভালো ধারণা আছে তার। বেনফিকাসহ ১১টি পর্তুগিজ ক্লাবকে কোচিং করিয়েছেন তিনি। তার কোচিংয়ে ১০টি শিরোপা জয়ের রেকর্ড আছে ক্লাবটির।

পর্তুগালের বাইরে আরও সাফল্য আছে জেসুসের। তার কোচিংয়ে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামিঙ্গো ২০১৯ সালের জুন থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত পাঁচটি শিরোপা জিতেছিল। দুর্দান্ত ওই সাফল্যের পর, তাকে ক্লাবটির সেরা কোচদের একজন হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া ২০২৩-২৪ মৌসুমে সৌদি ক্লাব আল-হিলালকে তিনি জেতান ঘরোয়া ট্রেবল।

পর্তুগালের দায়িত্বে জেসুস কাজ শুরু করবেন আগামী সেপ্টেম্বরে। তার কোচিংয়ে উয়েফা নেশন্স লিগে ‘ডি’ গ্রুপে ওয়েলসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পর্তুগাল।