২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামজাকে ছাড়াই নেপাল সফরে বাংলাদেশ

এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে ছাড়তে রাজি হয়নি তার ক্লাব লেস্টার সিটি।

হামজাকে ছাড়াই নেপাল সফরে বাংলাদেশ
হামজা চৌধুরী। ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2025, 08:47 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

হামজা চৌধুরীকে পাওয়ার ব্যাপারে এবার আগে থেকেই অনিশ্চয়তা ছিল। সেটাই সত্যি হলো। ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে ছাড়াই নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী শনিবার নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তিন দিন পর দুই দল একই ভেন্যুতে মুখোমুখি হবে দ্বিতীয় ম্যাচে।

এই সফর সামনে রেখে মঙ্গলবারও জাতীয় স্টেডিয়ামে অনুশীলন সেরেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। বুধবার নেপালের উদ্দেশে উড়াল দেবে দল।

হামজাকে পাওয়ার আশায় লেস্টারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত শনিবার বার্মিংহ্যামের বিপক্ষে ম্যাচে পায়ে চোট পাওয়ায় তাকে এ মুহূর্তে ইংলিশ ক্লাবটি ছাড়তে রাজি নয় বলে জানিয়েছেন টিম ম্যানেজার আমের খান।

“তাকে (হামজার) পেতে ফেডারেশন থেকে চেষ্টা করা হয়েছিল। তার এজেন্টকে আমরা জানাই। সে জানায় হামজার ক্লাব লেস্টার সিটিকে, কিন্তু সবশেষ ম্যাচে হামজা চোটে পড়ায় আপাতত এই দুই ম্যাচের জন্য তাকে ছাড়বে না লেষ্টার সিটি।”

ফয়সাল আহমেদে ফাহিমকে নিয়েও দুর্ভাবনা আছে। পুলিশ এফসির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন এই ফরোয়ার্ড। তবে তিনি দলের সঙ্গী হচ্ছেন বলে জানিয়েছেন টিম ম্যানেজার।

“ফাহিমের চোট নিয়ে চিন্তা আছে, পর্যবেক্ষণে আছে সে। তবে দলের সঙ্গে সে নেপাল যাবে। যদি ফিট থাকে নেপাল ম্যাচে খেলবে।”