১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘শুভ বড়দিন, তবে এটা যথেষ্ট নয়’, হলান্ড-ফোডেনদের বললেন গুয়ার্দিওলা

অভিনন্দন জানানোর পাশাপাশি খেলোয়াড়দের সাবধানও করে দিলেন ম‍্যানচেস্টার সিটি কোচ।

‘শুভ বড়দিন, তবে এটা যথেষ্ট নয়’, হলান্ড-ফোডেনদের বললেন গুয়ার্দিওলা
ফিল ফোডেনের সঙ্গে পেপ গুয়ার্দিওলা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 09:41 AM

Updated : 26 Aug 2026, 05:22 PM

ওয়েস্ট হ‍্যাম ইউনাইটেডের বিপক্ষে জয়ে কিছু সময়ের জন‍্য হলেও শীর্ষে ওঠায় ম‍্যানচেস্টার সিটির খেলোয়াড়দের অভিনন্দন জানালেন পেপ গুয়ার্দিওলা। একই সঙ্গে আর্লিং হলান্ড, ফিল ফোডেনদের সাবধানও করে দিলেন এই স্প‍্যানিশ কোচ। 

ঘরের মাঠে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম‍্যাচে ৩-০ গোলে জেতে সিটি। জোড়া গোল করেন হলান্ড, অন‍্যটি টিজানি রেইন্ডার্স। 

জয়ের পর উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না সিটি কোচ গুয়ার্দিওলা। মনে করিয়ে দিয়েছেন সামনের লম্বা পথের কথা।

“খেলোয়াড়দের আমি বলেছি, ‘শুভ বড়দিন, যদি তোমরা উন্নতি না করো তাহলে এটা যথেষ্ট হবে না।’ (পয়েন্ট তালিকার চূড়ায় থাকা) ভালো ব‍্যাপার তবে, তবে আপনারদের বলছি, নিজেদের খেলায় আমাদের উন্নতি করতে হবে।”  

আর্সেনালের সঙ্গে পাল্লা দিয়েই এগোচ্ছে সিটি। কিছু সময়ের জন্য তারা শীর্ষে উঠলেও, পরে এভারটনকে হারিয়ে জায়গা পুনরুদ্ধার করে আর্সেনাল। ১৭ ম‍্যাচে আর্সেনালের ৩৯ পয়েন্ট, সিটির ৩৭।

“আমি খুব খুশি- আমরা ভালো অবস্থানে আছি এবং লিগের চূড়ার কাছাকাছি আছি। তবে দলকে সেভাবে দেখা হবে, আমরা যেভাবে উন্নতি করব। আজ (শনিবার) এটা পরিষ্কার ছিল যে, আমরা সঠিক অবস্থানে নেই এবং আমাদের উন্নতি করতে হবে।” 

ইতিহাদ স্টেডিয়ামে চলতি বছর এটাই ছিল সিটির শেষ ম‍্যাচ। গত মৌসুমের চেয়ে এবার অনেক ভালো করেছে তারা। ২০২৪ সালে ঘরের মাঠে সবশেষ দুই ম‍্যাচে জিততে পারেনি সিটি। ম‍্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে হারে এবং ১-১ ড্র করে এভারটনের বিপক্ষে। 

টিম স্পিরিট এবং জয়ের জন‍্য, গত বছর যা দলে অনুপস্থিত ছিল বলে মনে করেন গুয়ার্দিওলা, তার উপলব্ধি সেটা ফিরেছে এবার।  

“স্পিরিট আছে, গত মৌসুমে যেটা ছিল না। এই স্পিরিট, আগ্রাসন এবং ক্ষুধা- এই সব বৈশিষ্ট‍্য ওদের প্রয়োজন। এটা ভেতর থেকে আসে।”

প্রিমিয়ার লিগে ১১৪ ম‍্যাচে ১০৪ করলেন হলান্ড। ছাড়িয়ে গেলেন ইংল‍্যান্ডের শীর্ষ লিগে ১০৩ গোল করা পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে। অর্ধেকেরও কম ম‍্যাচ খেলে তাকে ছাড়িয়ে যাওয়া হলান্ডকে প্রশংসায় ভাসালেন কোচ। 

“ধন‍্যবাদ আর্লিং। অবশ‍্যই সবসময় গোলের জন‍্য তাকে আমার ধন‍্যবাদ জানাতে হবে।”

ফোডেন ও নিক ও’রাইলিরও প্রশংসা করলেন সিটি কোচ। তবে ঘাটতির জায়গাগুলো নিয়ে উদ্বেগের কথাও বললেন তিনি।

“বল পায়ে আমরা যেভাবে খেলেছি, এর উন্নতি ঘটাতে হবে আমাদের। এছাড়া মার্চ বা এপ্রিলে শিরোপার দাবিদার হিসেবে আমরা লড়াইয়ে থাকতে পারব না।”