ভারতের বিপক্ষে হেরে মনিকা-মারিয়াদের মুখে ‘তালা’
মিক্সড জোনে অপেক্ষমান গণমাধ্যমকর্মীদের সাথে কোনো কথাই বললেন না মনিকা-মারিয়া
মিক্সড জোন দিয়ে যখন বেরিয়ে যাচ্ছিল বাংলাদেশ দল। কেউ মুখ লুকালেন দুই হাতে। কেউ আড়াল হতে চাইলেন হতাশায়। মারিয়া মান্দা অন্তত ভারতের বিপক্ষে হার নিয়ে দু-একটা কথা বলবেন, অপেক্ষমান গণমাধ্যমকর্মীদের সে আশাটুকুও পূরণ হলো না। এদিক-ওদিক তাকিয়ে, মাথা নিচু করে টিম বাসের দিকে দ্রুত পায়ে ছুটলেন বাংলাদেশ অধিনায়ক।
ভারত ম্যাচে চাওয়া পূরণ হয়নি বাংলাদেশের। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ৩-০ গোলে হেরে গ্রুপ সেরা হতে পারেনি পিটার জেমস বাটলারের দল। এই হারে সাফের আঙিনায় অজেয় যাত্রায়ও পড়ল ছেদ।
উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে ২০১৯ সালে নেপালের বিরাটনগরের আসরে সবশেষ হারের তেতো স্বাদ পেয়েছিল বাংলাদেশ। সেবার ভারতের বিপক্ষেই ৪-০ গোলে হেরে সেমি-ফাইনাল থেকে বিদায় নিয়েছিল দল। কিন্তু এরপর থেকে অন্য এক বাংলাদেশকে দেখেছে সবাই। সেই অজেয় যাত্রার সমাপ্তি হলো নিষ্প্রভ ফুটবলে।
নেপালকে ৩-১ গোলে হারিয়ে ২০২২ সালে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সাফের প্রথম শিরোপা জয়ের পথে গ্রুপ পর্বের দেখায় ভারতকে হারায় তারা ৩-০ গোলে। সেটি ছিল দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ আসরে ভারতের বিপক্ষে মেয়েদের প্রথম জয়। এর আগে ২০১৬ সালে শিলিগুঁড়ির আসরে গোলশূন্য ড্র ছিল সেরা প্রাপ্তি।
সাফল্যের গল্পে নতুন পাতা যোগ হয় দুই বছর পরের আসরে, নেপালের কাঠমাণ্ডুতে। এবারও স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে মুকুট ধরে রাখেন সাবিনা-মনিকারা। গ্রুপ পর্বের দেখায় ভারতকে ৩-১ ব্যবধানে হারানোর তৃপ্তিও হয় সঙ্গী। পাকিস্তানের বিপক্ষে ড্র দিয়ে আসর শুরু করে বাটলারের দল। দাপুটে ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই আসর শেষ করে বাংলাদেশ।
গত দুই আসর মিলিয়ে ৯ ম্যাচ অপরাজিত থাকা বাংলাদেশের এবারের শুরুটাও জয় দিয়ে। পারফরম্যান্স দাপুটে না হলেও মালদ্বীপের বিপক্ষে মারিয়ারা জিতেন ৪-২ গোলে। তাতে দলের অজেয় যাত্রা দাঁড়ায় ১০ ম্যাচে। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে রোববার সে যাত্রা থামল। ভারতকে টানা তৃতীয়বার হারানোর স্বপ্নও পূরণ হলো না।
কেন হলো না, তার কারণ অনেকগুলো। এ ম্যাচে আনিকা রানিয়া সিদ্দিকী দ্বিতীয় মিনিটেই অভাবনীয়ভাবে সুযোগ পেয়েছিলেন, কিন্তু প্রতিপক্ষের ডিফেন্ডারের ভুলে পাওয়া সুযোগ সুইডেন প্রবাসী এই ফরোয়ার্ড নষ্ট করেন গোলকিপারের হাতে বল তুলে দিয়ে। গতি দিয়ে প্রতিপক্ষের রক্ষণে কাঁপন তুলেছেন, ভীতি ছড়িয়েছেন, কিন্তু দুই উইং থেকে শামসুন্নাহার জুনিয়র বা ঋতুপর্ণা চাকমা বলের জোগানে ধারাবাহিক ছিলেন না। তাতে সময় যত গড়িয়েছে, নিষ্প্রভ হয়েছেন আনিকা।
মাঝমাঠে মনিকা চাকমা ফেরায় স্বস্তি বাতাস বয়ে গিয়েছিল দলের অন্দরে। কিন্তু মনিকা-মারিয়া জুটি মাঝমাঠের দল সেভাবে রাখতে পারেননি। অধিনায়ক হিসেবে প্রথম কঠিন ম্যাচ খেলতে নামা মারিয়ার পাসগুলো নিখুঁত হলো না। বরং তার এলেমেলো পাসে আক্রমণভাগ যে বিভ্রান্তই হলো বেশি! মনিকাও আলো ছড়াতে পারলেন না মনিকার মতো। মিক্সড জোনে দেখা গেল, কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন তিনি। গোঁড়ালির চোট কী তাহলে সেরে ওঠেনি পুরোপুরি? প্রশ্নটা জাগল জোরেশোরে।
৩৬তম মিনিটে পিয়ারি সাসা বাংলাদেশের জাল খুঁজে নেওয়ার আগ পর্যন্ত রক্ষণের ভূমিকা নিয়ে ছিল না তেমন কোনো প্রশ্ন। কিন্তু কোহাতি কিসকু এনে দিলেন প্রশ্ন তোলার উপলক্ষ্য! বাতাসে উড়ে আসা বল হেড করতে পারলেন না ঠিকঠাক। বল চলে গেল তার পিছে থাকা সাসার পায়ে। কোনাকুণি নিখুঁত শটে জাল খুঁজে নিলেন তিনি। দীর্ঘকায় গোলকিপার মিলি আক্তার পেলেন না বলের নাগাল।
নেতৃত্ব হারানো আফঈদা খন্দকার এ ম্যাচের সেরা একাদশে সুযোগ পাননি। সাম্প্রতিক সময়ের অফফর্ম আর মালদ্বীপ ম্যাচে রক্ষণে ভুল মিলিয়ে ভারত ম্যাচে খেলতে পারেননি তিনি।
বুকের হালকা ব্যথা সেরে ওঠার পরও দুটি সাফ জয়ী অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিমকেও খেলাননি বাটলার। তিনি সুযোগ দিয়েছিলেন সুরমা জান্নাতকে। তার ভুলেই ৭৭তম মিনিটে পেনাল্টি পায় ভারত। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন লিন্ডা কম ছেত্রো। কার্যত ম্যাচ থেকে ছিকে যায় বাংলাদেশ।
শেষ দিকে মালভিকা লক্ষ্যভেদ করলে ভারতের জয়ের ব্যবধান বড় হয় আরও। উত্তুঙ্গ প্রত্যাশা নিয়ে মাঠে নেমে এমন হতাশাজনক ফলের পর বাংলাদেশ কোচ বললেন দুরকম কথা। সেখানে পোড় খাওয়া দলের ঘুরে দাঁড়ানোর আশাবাদ যেমন থাকল, দলের অন্দরে বোঝাপড়ার সুর-তাল কেটে যাওয়ার বার্তাও স্পষ্ট!
“যেখানে আশা আছে এবং যেখানে সম্ভাবনা আছে, সেখানে আমাদের সদিচ্ছা দেখাতে হবে। ২০২৪ সালে আমরা একবারে খাদের কিনারে দাঁড়িয়ে ছিলাম (পাকিস্তানের বিপক্ষে হারতে হারতে ড্র করেছিল দল), এবং সেখান থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি ও কিছু মানুষকে অবাক করে দিয়েছি। আমাদের আরও ভালো খেলতে হবে। ভালো খেলতেই হবে। আমি মনে করি না, ভারতের বিপক্ষে আমাদের পারফরম্যান্স শারীরিক সক্ষমতার কোনো ঘাটতির কারণে। আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, তবে আমাদের আরও পেশাদার হতে হবে।”
“আমি পেশাদারিত্বের জন্য চেষ্টা করি, কিন্তু কিছু খেলোয়াড় সেই স্তরে পৌঁছানোর আকাঙ্ক্ষা করতে পারে না। আমি তা জানি। আবার কিছু খেলোয়াড়ের সেই স্তরে যাওয়ার ইচ্ছাটুকুও নেই। কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেমন, আমি কাউকে ওয়ার্ম-আপ করতে বললাম আর সে হেঁটে হেঁটে ওয়ার্ম-আপ জোনের দিকে গেল। আপনি যদি একজন ইংলিশ খেলোয়াড়কে বা সম্ভবত বর্তমান সময়ে একজন ভারতীয় খেলোয়াড়কে বলেন, আমি সবাইকে ঢালাওভাবে বলছি না, কিছু খেলোয়াড়কে ওয়ার্ম-আপ করতে বললে তারা দৌড়ে যাবে, তারা দ্রুত সেখানে গিয়ে কাজটি করবে। কারণ, তারা মাঠে ফিরে আসতে চায়।”
ভারত ম্যাচে হেরে বাংলাদেশের স্বপ্ন গুঁড়িয়ে যায়নি এখনও। নেপালের বিপক্ষে বুধবার সেমি-ফাইনাল।
