১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সহজ জয়ে ফেডারেশন কাপ শুরু আবাহনীর

শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম ও ইয়াসিন খানের গোলে চট্টগ্রাম আবাহনীকে সহজেই হারিয়েছে মারুফুল হকের দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2024, 05:32 PM

Updated : 26 Aug 2026, 11:05 AM

প্রথম গোলটি আবাহনী পেল নানা ‘কাণ্ডের’ পর। এরপর আর তাদের বিপক্ষে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি চট্টগ্রাম আবাহনী। বন্দরনগরীর দলটিকে সহজে হারিয়ে ফেডারেশন কাপে শুভসূচনা করেছে আকাশি-নীল জার্সিধারীরা।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচে ৩-০ গোলে জিতেছে প্রতিযোগিতার ২০২১-২২ মৌসুমের চ্যাম্পিয়নরা। শাহরিয়ার ইমন দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ ইব্রাহিম। শেষ দিকে ব্যবধান আরও বাড়ান ইয়াসিন খান।

শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য করা আবাহনী সপ্তদশ মিনিটে প্রথম সুযোগেই এগিয়ে যায়। কিন্তু গোলটি নিয়ে শুরু হয় নানা ঘটনা। ইমনের হেডে বল দূরের পোস্টের ভেতরের দিকে লেগে লক্ষ্যেই ছিল, সেই সময় চট্টগ্রাম আবাহনীর এক ডিফেন্ডার কোনোমতে ‘ক্লিয়ার করার’ পর বল গোললাইন পেরিয়ে গেছে দাবি করে আবাহনী। 

এদিকে ধারাভাষ্যকার বলেন, অফসাইডের পতাকা তুলেছেন রেফারির সহকারী। রেফারির সঙ্গে দুই পক্ষের আলোচনায় খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। সাত মিনিট পর গোলের সিদ্ধান্ত দেন রেফারি জসীম আক্তার। 

এরপর আবাহনী আক্রমণের ধার বাড়ায়; কিন্তু দুই দিক দিয়ে শাণানো আক্রমণগুলো বক্সে এসে মুখ থুবড়ে পড়তে থাকে। প্রথমার্ধের যোগ করা সময়ে দারুণ সুযোগ আসে ইব্রাহিমের সামনে; তার নিচু শট আটকে দেন গোলরক্ষক।

৭৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইব্রাহিম। বক্সে আলতো টোকায় বল নিয়ে একটু এগিয়ে জায়গা বানিয়ে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

শেষ দিকে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন ইয়াসিন। কর্নারের পর সতীর্থের পা ঘুরে বল পেয়ে অরক্ষিত এই ডিফেন্ডার নিখুঁত টোকায় গোলটি করেন।