চ্যাম্পিয়ন্স লিগ
Published : 09 Apr 2026, 05:23 PM
প্যারিসে পিএসজির বিপক্ষে পাত্তাই পায়নি লিভারপুল। ছন্নছাড়া পারফরম্যান্সের পরও অবশ্য বড় ব্যবধানে হারেনি তারা। আর এটাকেই ইতিবাচক হিসেবে দেখছেন আর্না স্লট। ফিরতি লেগ অ্যানফিল্ডে হওয়ায়, ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে জায়গা করে নিতে আত্মবিশ্বাসী ইংলিশ ক্লাবটির কোচ।
প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে পিএসজির বিপক্ষে ২-০ গোলে হারে লিভারপুল। শিরোপাধারীদের দুই গোলদাতা দিজিরে দুয়ে ও খাভিচা কাভারাৎসখেলিয়া।
ম্যাচ জুড়ে দাপট দেখায় পিএসজি। পরিসংখ্যানেও সেটা পরিষ্কার। প্রায় ৭৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৮টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে স্বাগতিকরা। সেখানে লিভারপুল গোলের উদ্দেশ্যে প্রথম শটই নিতে পারে দ্বিতীয়ার্ধে। মোট তিনটি শট নিলেও কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি তারা।
পিএসজি অসংখ্য সুযোগ হাতছাড়া করায় ব্যবধানটা আরও বড় হয়নি। দলটির তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে একাই নষ্ট করেন তিনটি সুবর্ণ সুযোগ।
শেষ আটের দ্বিতীয় লেগে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে দুল দুটি। ম্যাচটি ঘরের মাঠে হওয়ায় আত্মবিশ্বাস হারাচ্ছেন না স্লট। ব্যর্থতায় বৃত্তে বন্দি হলেও, পিএসজিকে ফিরতি লেগে হারিয়ে সেমি-ফাইনালে খেলার স্বপ্ন দেখছেন ডাচ কোচ।
“পুরো ম্যাচের দিকে তাকালে মনে হয়, আমরা কিছুটা ভাগ্যবান যে মাত্র ২-০ ব্যবধানে হেরেছি। ভালো ব্যাপার হলো, আমরা এখনও লড়াইয়ে আছি। অ্যানফিল্ডে আমরা তাদের হারাতে পারব, সবাই জানি অ্যানফিল্ড আমাদের জন্য কতটা সহায়ক হতে পারে।”
“সব ধরনের কৌশলেই এখানে চেষ্টা করা হয়েছে; কিন্তু ফলাফল সবসময় একই হয়েছে…তারা আজ সেরা দল ছিল। তবে আমরা হাল ছাড়িনি, তাই এখনও সুযোগ আছে। তারা বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া করায় আমরা এখনো লড়াইয়ে টিকে আছি।”
লিভারপুলে সব আশা এখন অ্যানফিল্ডকে ঘিরে। স্লটের বিশ্বাস, সমর্থকরা ফিরতি লেগে তাদের ঘুরে দাঁড়ানোয় বড় ভূমিকা রাখবে।
“আশা করি, অ্যানফিল্ডে ভিন্ন খেলা উপহার দিতে পারব। প্রতিপক্ষকে আক্রমণাত্মক ফুটবলে চেপে ধরতে চাইলে, সমর্থকরা বড় ভূমিকা রাখতে পারে। এটা পরিষ্কার যে, আজকের কৌশলে অবশ্যই আমরা সামনের ম্যাচ খেলব না। তবে ফুটবল বারবারই দেখিয়েছে যে, কোনো কিছুই অসম্ভব নয়।”
“ফুটবলে লাল কার্ড, পেনাল্টি অনেক কিছুই হতে পারে। আর অ্যানফিল্ড অনেক কিছু করতে পারে, এটা ভুলে গেলে চলবে না। সমর্থকরা আমাদের জন্য অনেক বড় পার্থক্য গড়ে দেয়। আজকের ম্যাচ দেখে এটা আরও পরিষ্কার যে, তাদের সমর্থন এখন আগের চেয়েও বেশি প্রয়োজন।”