২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

এমবাপেকে বর্ণবাদী আক্রমণের অভিযোগে গ্রেপ্তার ওবিয়েদোর সমর্থক

দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতে পারে ওই সমর্থকের।

এমবাপেকে বর্ণবাদী আক্রমণের অভিযোগে গ্রেপ্তার ওবিয়েদোর সমর্থক
রেয়াল মাদ্রিদের জার্সিতে কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2025, 10:45 AM

Updated : 26 Aug 2026, 02:16 PM

কিলিয়ান এমবাপেকে উদ্দেশ্য করে বর্ণবাদী অঙ্গভঙ্গি ও শব্দ করার অভিযোগে রেয়াল ওবিয়েদো এক সমর্থককে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন স্প্যানিশ পুলিশ।

ওবিয়েদোর মাঠে গত ২৪ অগাস্ট ৩-০ গোলে জয়ের ম্যাচে এমবাপের বর্ণবাদী আক্রমণের শিকার হওয়ার অভিযোগ করে রেয়াল মাদ্রিদ। ওই ম্যাচে দুই গোল করেন ফরাসি এই তারকা ফরোয়ার্ড।

ম্যাচটিতে ৩৭তম মিনিটে এমবাপের গোলে এগিয়ে যায় রেয়াল। ওই সময়ে দর্শকদের প্রতিক্রিয়ার টিভি ফুটেজ বিশ্লেষণ করেছে পুলিশ। বুধবার তারা জানিয়েছে, ওই সময় ওই ব্যক্তিকে বানরের শব্দ ও অঙ্গভঙ্গি করতে দেখা গেছে।

রেয়ালের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে ইএসপিএন। মামলাটি প্রসিকিউটরের কাছে পাঠানো হয়েছে।

এই অপরাধের জন্য সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতে পারে। ৬০ হাজার থেকে সাড়ে ৬ লাখ ইউরো পর্যন্ত জরিমানাও করা হতে পারে। সঙ্গে স্টেডিয়াম প্রবেশের নিষেধাজ্ঞাও দেওয়া হতে পারে।

স্টেডিয়ামের ভেতরে বর্ণবাদী আচরণের বিরুদ্ধে এখন অনেক কঠোর ও সক্রিয় লা লিগা। ২০২৩ সালে রেয়াল মাদ্রিদের আরেক ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রকে উদ্দেশ্য করে বর্ণবাদী আচরণ করায় ভালেন্সিয়ার তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছিল।

পাঁচ বছর আগের বর্ণবাদী অপরাধের জন্য চলতি মাসের শুরুতে এস্পানিওলের এক সমর্থককে শাস্তি দেয় স্পেনের আদালত। ২০২০ সালে আথলেতিক বিলবাওয়ের ফরোয়ার্ড ইনাকি উইলিয়ামসকে উদ্দেশ্য করে বানরের শব্দ ও অঙ্গভঙ্গি করেছিলেন ওই ব্যক্তি।