Published : 01 Dec 2025, 03:56 PM
রেয়াল মাদ্রিদ ভক্তদের তোপের মুখে পড়েছেন রেফারি ও ভিএআর। ক্লাব সমর্থকদের মতো তাদের সমালোচনা না করলেও, জিরোনার ডি-বক্সে ‘রদ্রিগোকে করা ফাউল’ ভিএআর পরীক্ষা না করায় বিস্ময় প্রকাশ করেছেন রেয়াল কোচ শাবি আলোন্সো।
লা লিগার ম্যাচে রোববার রাতে জিরোনার বিপক্ষে ১-১ ড্র করে রেয়াল। ওনাহি স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর পেনাল্টি থেকে সমতা টানেন কিলিয়ান এমবাপে।
যে ঘটনা নিয়ে এত চর্চা, সেটি ঘটে প্রথমার্ধের শেষ মিনিটে। ডি-বক্স থেকে বল পায়ে বেরিয়ে যাচ্ছিলেন রদ্রিগো। জিরোনা ডিফেন্ডার আলেক্স মোরেনোর মৃদু ধাক্কায় পড়ে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পেনাল্টির দাবি জানান ফেদে ভালভের্দেরা। তাতে সাড়া দেননি রেফারি, নাক গলায়নি ভিএআরও।
ম্যাচ শেষে সেই প্রসঙ্গ ওঠে আলোন্সোর প্রেস কনফারেন্সে। ভিএআর তা পরীক্ষা না করায় বিস্ময় ঝরল আলোন্সোর কণ্ঠে।
“আমি ঘটনাটি দেখিনি। তবে আমাকে বলা হয়েছে, ভিএআরের এটা দেখা উচিত ছিল। এগুলো ফল নির্ণায়ক মুহূর্ত, যা ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে।”
এক সময়ে বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গিয়েছিল রেয়াল। টানা তিন ম্যাচ ড্র করে তারা এখন উল্টো ১ পয়েন্টে পিছিয়ে দুই নম্বরে নেমে গেছে। জিরোনার বিপক্ষে হোঁচটের পর অবশ্য নিজেদেরই দুষছেন শাবি।
“দ্বিতীয়ার্ধে আমরা উন্নতি করি, আমরা বেশি সুযোগ পাই। তবে তিন পয়েন্ট পাওয়ার জন্য আমরা নিখুঁত ছিলাম না। তবে এটা খুব দীর্ঘ একটি মৌসুম এবং আমাদের এগিয়ে যেতে হবে।”
লা লিগায় মৌসুমের শুরুটা দুর্দান্ত হয়েছিল রেয়ালের। প্রথম ১১ ম্যাচের ১০টাতেই জিতেছিল আলোন্সোর দল। কিন্তু নভেম্বের রায়ো ভাইয়েকানো ও এলচের পর জিরোনার বিপক্ষেও ড্রয়ে যেন দিক হারিয়েছে রেয়াল। তবে, দ্রুতই কঠিন সময় কাটিয়ে উঠার ব্যাপারে আশাবাদী শাবি।
“একটা মৌসুমে ভিন্ন ভিন্ন পর্যায় থাকে। মৌসুমের শুরুতে আমরা প্রতিপক্ষের মাঠে বেশি ধারাবাহিক ছিলাম। ১-০ গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়াতে দল উদ্যমী ছিল। দ্বিতীয় গোল করে জয়ের জন্য তিন বা চারটি পরিষ্কার সুযোগ পেয়েছিলাম আমরা।”