২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় সোহেলের

কেবল নিজের মনে নয়, সতীর্থদের সবার মধ্যে আত্মবিশ্বাসের স্ফুরণ দেখছেন বাংলাদেশের এই মিডফিল্ডার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2024, 08:01 PM

Updated : 26 Aug 2026, 10:55 AM

উঁকি দিচ্ছে ব্যর্থতা দিয়ে বছর শেষের চোখ রাঙানি। মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচের হারের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে তাই মরিয়া বাংলাদেশ। দলের সবার মধ্যে আত্মবিশ্বাসের স্ফুরণ দেখতে পাচ্ছেন স্বাগতিক মিডফিল্ডার সোহেল রানা।

বসুন্ধরা কিংস অ্যারেনায় শনিবার সন্ধ্যা ৬টায় দ্বিতীয় প্রীতি ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১-০ গোলে হারে হাভিয়ের কাবরেরার দল।

চলতি বছর এখন পর্যন্ত খেলা সাত ম্যাচের ৬টিতেই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে সবশেষ হারটি অনেক বেশিই হতাশাজনক। মালদ্বীপের বিপক্ষে যে এটি বাড়ির উঠানে প্রথম পরাজয়। প্রথম ম্যাচের হার যে দলকে তাড়িয়ে বেড়াচ্ছে, তা সোহেলের কথায় স্পষ্ট।

“প্রথম ম্যাচ খেলার পর (বৃহস্পতিবার) আমাদের হোটেলে রিকভারি সেশন ছিল। সবাই ভালোভাবে রিকভারি করতে পেরেছি। অল্প সময়ের মধ্যে দ্বিতীয় ম্যাচ খেলতে হবে।”

“আসলে দেখেন প্রথম ম্যাচ আমরা প্রত্যেকটা খেলোয়াড়ই চাচ্ছিলাম… আমরা যেভাবে খেলেছি, জয়টা আমাদের প্রাপ্য ছিল। আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। এখন আমরা দ্বিতীয় ম্যাচে মনোযোগ দিচ্ছি। যেভাবে প্রথম ম্যাচ খেলেছি, আমরা দ্বিতীয় ম্যাচে আরও ভালোভাবে ঘুরে দাঁড়াব। এই আত্মবিশ্বাস সব খেলোয়াড়ের আছে যে, আমরা খুব শক্তভাবে ঘুরে দাঁড়াব।”

চলতি বছরে বাংলাদেশ গোল করেছে কেবল একটি। গত সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতা প্রীতি ম্যাচে গোলটি করেন শেখ মোরসালিন। মালদ্বীপের বিপক্ষে গত বুধবার অবশ্য দ্যুতি ছড়াতে পারেননি এই তরুণ ফরোয়ার্ড।

গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন সোহেলও, কিন্তু কপাল মন্দ তার। প্রথমার্ধের শেষ দিকে এই মিডফিল্ডারের বুলেট শট পোস্ট কাঁপিয়ে ফেরে। সোহেলের চাওয়া, এবার যেন গোলের জন্য চেষ্টা করে সবাই।

“আমি শুধু ফরোওয়ার্ডদেরকেই বলব না, প্রত্যেক খেলোয়াড়ের দায়িত্ব গোল করা। যে সুযোগ পাবে, যার সামনে সুযোগ আসবে, সে যেন সুযোগটা কাজে লাগায়। আমি মনে করি, যে কেউ গোল করতে পারে দলের জন্য।”

“আমরা প্রথম ম্যাচে অনেক ভালো খেলেছি, কিন্তু দিন শেষে হেরে গিয়েছি; তো এ কারণে সবাই ভালো খেলাটাকে মূল্যায়ন করবে না। আমরা চাইব কালকের ম্যাচটা জিততে এবং সেই সামর্থ্য আমাদের আছে।”