ভাইয়েকানোর মাঠে রেয়াল মাদ্রিদের হোঁচট
চ্যাম্পিয়ন্স লিগে হারের পর লা লিগায় খেলতে নেমে পয়েন্ট হারাল শাবি আলোন্সোর দল।
তৃতীয় মিনিটে দূর পাল্লার শটে গোলের চেষ্টা করে ব্যর্থ হলেন আর্দা গিলের। সময় যত গড়াল, তত এর পুনরাবৃত্তি দেখা গেল। রায়ো ভাইয়েকানোর জমাট রক্ষণ ভাঙতে না পেরে ডি-বক্সের বাইরে থেকে শট করে গেলেন রেয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। কিন্তু গোলরক্ষক আউগুস্তো বাতাইয়ার প্রতিরোধ ভাঙতে পারলেন না তারা। পয়েন্ট হারাল শাবি আলোন্সোর দল।
লা লিগার ম্যাচে রোববার ভাইয়েকানোর মাঠে গোলশূন্য ড্র করেছে রেয়াল।
চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের মাঠে হারের হতাশা ভোলার আগেই, লা লিগায় ধাক্কা খেল তারা। তাদের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ পেয়ে গেল বার্সেলোনা।
৫৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১ শট নিয়ে কেবল পাঁচটি লক্ষ্যে রাখতে পারে রেয়াল। অন্য দিকে, ভাইয়েকানোর ১৩ শটের দুটি ছিল লক্ষ্যে।
একটু ঢিমেতালে শুরু ম্যাচে তৃতীয় মিনিটে ডি বক্সের বাইরে থেকে গতিময় শটে ভাইয়েকানো গোলরক্ষকের পরীক্ষা নেন আর্দা গিলের। ঝাঁপিয়ে তার শট ঠেকান বাতাইয়া।
আক্রমণ আর প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচে ২০তম মিনিটে দারুণ সুযোগ নষ্ট করেন আন্দ্রেই রাতুই। গোলমুখে একজন সতীর্থ পুরোপুরি অরক্ষিত থাকলেও তাকে না বাড়িয়ে থিবো কোর্তোয়া বরাবর শট নেন ভাইয়েকানো ডিফেন্ডার।
দুই মিনিট পর ভিনিসিউস জুনিয়রের শট দুর্দান্ত রিফ্লেক্সে ঠেকিয়ে দেন বাতাইয়া। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট ড্রপ খেয়ে বাউন্স করে জালের দিকে যাচ্ছিল। ডাইভ দেওয়া আর্জেন্টাইন গোলরক্ষক শেষ সময়ে বল দেখে কোনোমতে হাত উপরে তুলে জাল অক্ষত রাখেন।
২৩তম মিনিটে রেয়ালকে এগিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করেন রাউল আসেন্সিও। খুব কাছ থেকেও হেড লক্ষ্যে রাখতে পারেননি স্প্যানিশ এই ডিফেন্ডার।
প্রথমার্ধের বাকি সময়ে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।
বিরতির পর পাল্টে যায় খেলা। গতিময় ফুটবল খেলতে শুরু করে দুই দলই। ৫০তম মিনিটে সুযোগ পেয়ে যায় ভাইয়েকানো। কিন্তু দুরূহ কোণ থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি হোর্হে দে ফ্রুতোস।
তিন মিনিট পর গিলেরের বাঁকানো শট দূরের পোস্ট ঘেঁষে বের হয়ে যায়। ৫৫তম মিনিটে কাছের পোস্টে জুড বেলিংহ্যামের শট ঝাঁপিয়ে ফেরান ভাইয়েকানো গোলরক্ষক।
স্বাগতিকদের রক্ষণে প্রবল চাপ তৈরি করে রেয়াল। তবে ডি বক্সে ঢুকে শট নেওয়ার সুযোগ তৈরি করতে ভোগান্তিতে পড়ে তারা।
৬৯তম মিনিটে আচমকা দূরপাল্লার শটে চেষ্টা করেন ফেদে ভালভের্দে। সতর্ক ছিলেন বাতাইয়া, ঝাঁপিয়ে কোনোমতে বল ঠেকান তিনি। কপাল ভালো তার, ফিরতি বল যায় ভাইয়েকানো সতীর্থের পায়ে।
৮৭তম মিনিটে গোল পেতে পারতেন এদের মিলিতাও। কিন্তু তার হেড এগিয়ে এসে কোনোমতে নিয়ন্ত্রণে নেন দুর্দান্ত এক ম্যাচ খেলা বাতাইয়া।
যোগ করা সময়ে একটি সুযোগ পেয়েছিলেন গিলের। কিন্তু তার শট একজনের গায়ে লেগে বাইরে চলে যায়।
১২ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে চূড়ায় রেয়াল। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ভিয়ারেয়াল। ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আপাতত তিনে আছে শিরোপাধারী বার্সেলোনা।
