এবার হলান্ডের জোড়া গোল, সিটির চারে চার
ম্যাচের ২২ সেকেন্ডে গোল হজমের ধাক্কা সামলে প্রিমিয়ার লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখল পেপ গুয়ার্দিওলার দল।
ইতিহাদের গ্যালারির দর্শকরা নড়েচড়ে বসছিলেন কেবল। এর মধ্যেই ম্যানচেস্টার সিটির জালে বল! ওই ধাক্কা সামলে ব্রেন্টফোর্ডের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়াল পেপ গুয়ার্দিওলার দল। টানা দুই হ্যাটট্রিকের পর এবার জোড়া গোলের আলো ছড়ালেন আর্লিং হলান্ড। প্রিমিয়ার লিগে জয়ের ধারা ধরে রাখল তারা।
ঘরের মাঠে শনিবার লিগ ম্যাচটি ২-১ গোলে জিতেছে গত চার আসরের চ্যাম্পিয়ন সিটি।
ইয়োয়ান উইসা শুরুতে ব্রেন্টফোর্ডকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই দুটি গোল করেন হলান্ড।
প্রিমিয়ার লিগের ইতিহাসে মৌসুমের প্রথম চার ম্যাচে সবচেয়ে বেশি গোল (৯) করার রেকর্ড গড়েছেন ২৪ বছর বয়সী হলান্ড। আগের রেকর্ড ছিল ওয়েইন রুনির, ২০১১-১২ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম চার ম্যাচে ৮ গোল করেছিলেন তিনি।
চলতি আসরে প্রথম চার ম্যাচের সবগুলোই জিতল সিটি। ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে তারা।
সিটির ম্যাচের শুরুটা ছিল হতাশার। ২২ সেকেন্ডেই এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। বক্সে বাঁ দিক থেকে সফরকারীদের কিন লুইস-পটারের হেড গোলরক্ষক এদেরসনের সামনে থেকে ক্লিয়ার করতে ব্যর্থ হন সিটির ডিফেন্ডার জন স্টোন্স। কাছ থেকে হেডে ফাঁকা জালে বল পাঠান ইয়োয়ান উইসা।
নবম মিনিটে এদেরসনের নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ হয়নি। কর্নারের পর নাথান কলিন্সের ভলি পা দিয়ে ঠেকান ব্রাজিলিয়ান গোলরক্ষক।
ত্রয়োদশ মিনিটে সুযোগ পায় সিটি। কেভিন ডে ব্রুইনের ক্রসে ইলকাই গিন্দোয়ানের হেড লক্ষ্যে থাকেনি।
২০তম মিনিটে সমতার স্বস্তি ফেরে স্বাগতিক শিবিরে। কাইল ওয়াকারের পাস বক্সে পেয়ে ডে ব্রুইনে বল দেন হলান্ডকে। এই তারকার ডান পায়ের কোনাকুনি শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।
৩৬তম মিনিটে অল্পের জন্য গোল পাননি ডে ব্রুইনে। বক্সের বাইরে থেকে বেলজিয়ান মিডফিল্ডারের নিচু শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
৩২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলকে এগিয়ে নেন হলান্ড। এদেরসনের উঁচু করে বাড়ানো বল ধরে অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে জালে পাঠান গত দুই আসরের গোল্ডেন বুট জয়ী।
সিটির জার্সিতে শুরু থেকেই গোলমেশিন হয়ে উঠেছেন হলান্ড। দলটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৩ ম্যাচে তার গোল হলো ৯৯টি; এর ৭২টি প্রিমিয়ার লিগে, ৭০ ম্যাচে।
৩৭তম মিনিটে সাভিনিয়োর শট ঠেকান ব্রেন্টফোর্ডের গোলরক্ষক মার্ক ফ্লেকেন। বিরতির আগে লুইস-পটারের প্রচেষ্টা ব্যর্থ করে দেন এদেরসন।
দ্বিতীয়ার্ধে অনেকটা সময় প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারছিল না কেউ। ৬৭তম মিনিটে বক্সের বাইরে থেকে জ্যাক গ্রিলিশের শট ঝাঁপিয়ে ঠেকান ফ্লেকেন। দুই মিনিট পর সুযোগ পান হলান্ড। তার শটে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান সফরকারী গোলরক্ষক।
৭২তম মিনিটে বক্সের বাইরে থেকে ওয়াকারের শট ক্রসবার ঘেঁষে চলে যায়। চার মিনিট পর ওয়ান-অন-ওয়ানে কাছ থেকে সাভিনিয়োর শট পা দিয়ে ঠেকান ফ্লেকেন। একটু পর এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের আরেকটি শট পোস্টের বাইরে দিয়ে যায়।
৮১তম মিনিটে হলান্ড টানা তৃতীয় হ্যাটট্রিক পেয়েই যাচ্ছিলেন প্রায়। প্রথম দফায় তার শট লাগে পোস্টে, আরেকটি শট প্রতিহত হয় রক্ষণে। কয়েক সেকেন্ড পর তার আরেক শট ঠেকান গোলরক্ষক। ব্যবধানও তাই বাড়েনি।
দিনের আরেক ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের কাছে ১-০ গোলে হারে লিভারপুল। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা।
