২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপিয়ান এলিট ক্লাবের তকমা পেতে বড় শিরোপার খোঁজে আর্সেনাল

মিকেল আর্তেতার মতে, এই মুহূর্তে বিশ্বের সেরা ক্লাবের একটি আর্সেনাল।

ইউরোপিয়ান এলিট ক্লাবের তকমা পেতে বড় শিরোপার খোঁজে আর্সেনাল
আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2025, 03:41 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

নিজেদেরকে ইউরোপের সেরা ক্লাবগুলোর একটি মনে করলেও ‘এলিট ক্লাবের’ কাতারে রাখেন না আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তার মতে, ওই পর্যায়ে যেতে হলে বড় শিরোপা জিততে হবে লন্ডনের ক্লাবটিকে।

২০০৪ সালের পর ইংলিশ প্রিমিয়ার লিগ জিততে পারেনি আর্সেনাল। আর এখন পর্যন্ত তো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদই পায়নি দলটি।

তবে আর্তেতার কোচিংয়ে গত কয়েক বছরে পারফরম্যান্সে বেশ উন্নতি করেছে আর্সেনাল। সবশেষ তিনটি লিগ মৌসুম শেষ করেছে তারা রানার্স-আপ হয়ে। আর গত চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনাল খেলেছে দলটি।

৭ বছরের দায়িত্বে আর্সেনালকে একটি এফএ কাপ ও দুটি কমিউনিটি শিল্ডের শিরোপা এনে দিয়েছেন আর্তেতা। তবে এটা যে তেমন কিছুই নয়, ভালো করেই বুঝতে পারছেন তিনি। তার সময়ে আর্সেনাল খুব বেশি ট্রফি জিততে না পারলেও আগের চেয়ে অনেক উন্নতি করেছে বলে মনে করছেন স্প্যানিশ এই কোচ।

“আমার আবেগ, শক্তি, জ্ঞান এবং যা কিছু দেওয়ার আছে তা এই ক্লাবকে দিতেই হবে। আমি বিশ্বাস করি, আমরা এই ক্লাবটিকে আগের অবস্থান থেকে আজকের অবস্থানে রূপান্তরিত করেছি।”

“পারফরম্যান্স বিবেচনায় নিয়ে গত তিন বছরের প্রিমিয়ার লিগের দিকে তাকালে, আমরাই সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করা দল। কিন্তু আমাদের এখনও একটি বড় শিরোপা জিততে হবে। এটাই আমাদের নেই, কারণ বাকি সবকিছু পেয়েছি। ভক্তদের সঙ্গে আমাদের সম্পর্কে বদলে গেছে, কোনো সন্দেহ নেই আমরা এই মুহূর্তে ইউরোপের সেরা দলগুলোর একটি। তবে আমাদের এখন সেটি (বড় শিরোপা) অর্জন করতে হবে।”

আগামী রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ মৌসুম শুরু করবে আর্সেনাল।