০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

‘রোনালদো আমাদের অধিনায়ক, আমাদের সর্বকালের সেরা’

‘জাতীয় দলের প্রতীক’ ক্রিশ্চিয়ানো রোনালদোকে প্রাপ্য সম্মান দিয়ে সমস্যার সমাধান করা হবে, আশা জুয়াও কান্সোলোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 12:43 PM

Updated : 05 Oct 2026, 12:43 PM

ক্রিশ্চিয়ানো রোনালদো এখন পর্তুগাল জাতীয় দল থেকে বেশ দূরে। তার ফেরা নিয়েও অনিশ্চয়তা প্রবল। দেশের হয়ে ক্যারিয়ার শেষ হয়ে গেছে বলেই গুঞ্জন চলছে। তবে তাকেই এখনও অধিনায়ক মনে করেন জুয়াও কান্সোলো। পর্তুগিজ ফুলব্যাকের আশা, রোনালদোকে প্রাপ্য সম্মান দিয়ে বর্তমান সমস্যার সমাধান করা হবে।

কোচ জর্জে জেজুসের সঙ্গে টানাপোড়েনের জের ধরে কদিন আগে জাতীয় দল ছেড়ে চলে যান রোনালদো। ডেনমার্কের বিপক্ষে ওই ম্যাচে ৪-২ গোলের জয় পায় পর্তুগাল। এরপর রোববার নরওয়েকে ২-১ গোালে হারায় তারা। নেশন্স লিগের এই ধাপে চার ম্যাচের চারটিই জিতে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

নরওয়ের বিপক্ষে অবশ্য শুরুতে পিছিয়ে পড়েছিল তারা। একটু পরই কান্সেলোর গোলার মতো শটের গোলে সমতায় ফেরে তারা। পরে জয় ধরা দেয় গসালো রামোসের গোলে।

রোনালদো দল ছেড়ে চলে গেলেও তাকে নিয়ে আলোচনা থেমে নেই। ম্যাচের আগে ও পরে সংবাদ সম্মেলনে তার প্রসঙ্গ থাকছেই বারবার। এই ম্যাচের আগে যেমন ব্রুনো ফের্নান্দ্‌স বলেছেন, রোনালদোর সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি জাতীয় দলের সবচেয়ে বড় প্রতীক হয়ে থাকবেন।

নরওয়ের বিপক্ষে জয়ের পর ফের্নান্দ্‌সের সেই কথাই শোনা গেল কান্সেলোর কণ্ঠে।

“কোচ ও ফেডারেশনের সভাপতি এটা নিয়ে কথা বলবেন। তবে ব্রুনো যেমন বলেছে, ক্রিশ্চিয়ানো রোনালদো আমাদের অধিনায়ক এবং আমাদের জাতীয় দলের প্রতীক। আমাদের সর্বকালের সেরা তিনি। পর্তুগালের জন্য কতটা প্রতিনিধিত্ব করেন এবং এই দেশকে তিনি কী দিয়েছেন, সবাই জানে।

আমি বিশ্বাস করি, সবকিছু সবচেয়ে ভালোভাবেই শেষ হবে। আমরা চাই পরিস্থিতিটি খুব শান্তভাবে এবং ক্রিশ্চিয়ানোর প্রাপ্য সম্মানের মাধ্যমে সমাধান হোক।”

রোনালদো জাতীয় দলে ফিরলে তাকে সাদরেই গ্রহণ করা হবে, বলেছেন পর্তুগালের আরেক তারকা নুনো মেন্দ্‌স।

“জাতীয় দলে যে কোনো ফুটবলার এলে তাকে অবশ্যই স্বাগত জানানো হয়। ক্রিস (রোনালদো) ফিরলে আমরা অবশ্যই এখানে তাকে দুহাত বাড়িয়ে আলিঙ্গন করে নেব।”

নরওয়ের বিপক্ষে ম্যাচের পর কোচ জর্জে জেজুসকেও বেশ কিছু উত্তর দিতে হয়েছে রোনালদোকে নিয়ে।

“পরবর্তী জাতীয় দল ঘোষণার আগে ক্রিস (রোনালদো) যদি আল-নাস্‌রে খেলে, তাহলে তাকে ডাকা যেতে পারে। সে যদি চায়, অবশ্যই জাতীয় দলে ফিরবে।

সে যদি চায়, আগের স্কোয়াড ঘোষণার সময় যেমন আমরা কথা বলেছিলাম, তেমনি পরবর্তী স্কোয়াড ঘোষণার আগেও আমরা কথা বলতে পারি, কিন্তু সিদ্ধান্তটা ক্রিসই (রোনালদো) নেবে।”