চীনের বিপক্ষে লেবাননের হারে মূল পর্বে বাংলাদেশ
তিন সেরা রানার্সআপের একটি হয়ে এএফসি অনূর্ধ্ব-২০ উইমেন’স এশিয়ান কাপের মূল পর্বে খেলার টিকেট পেয়েছে পিটার জেমস বাটলারের দল।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর সেরা তিন রানার্সআপ দলের একটি হয়ে মূল পর্বে উঠতে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল লেবানন। চীনের বিপক্ষে তাদের হারে ভাগ্য সুপ্রসন্ন হলো মেয়েদের। প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-২০ উইমেন’স এশিয়ান কাপের মূল পর্বে খেলার টিকেট পেল বাংলাদেশ।
লাওস জাতীয় স্টেডিয়ামে রোববার ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলে হারে বাংলাদেশ। তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয় পিটার জেমস বাটলারের দল।
সেরা তিন রানার্সআপের একটি হওয়ার দৌড়ে মূল প্রতিদ্বন্দ্বী লেবাননের (+২) থেকে গোল ব্যবধানে অবশ্য এগিয়ে ছিল বাংলাদেশ (+৫)।
বাছাইয়ে ‘ই’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে রোববারই মুখোমুখি হয় চীন ও লেবানন। সেখানে লেবানন ৮-০ গোলে হেরে যাওয়ায় কপাল খুলে যায় বাংলাদেশের।
অবশ্য কিন্তু ছিল আরও একটি। বাংলাদেশের মূল পর্বে ওঠার পথে বাধা তৈরি করতে কিরগিজস্তানকে অসম্ভবকে সম্ভব করতে হতো; ‘বি’ গ্রুপে তাদের জিততে হতো শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে। সেটা তারা পারেনি। হেরেছে ৩-০ গোলে।
কদিন আগেই প্রথমবারের মতো উইমেন’স এশিয়ান কাপের মূল পর্বে খেলার ইতিহাস গড়ে সিনিয়র টিম। এবার বয়সভিত্তিক পর্যায়েও একই যোগ্যতা অর্জন করল মেয়েরা।
আগামী বছর এপ্রিলে থাইল্যান্ডে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-২০ উইমেন’স এশিয়ান কাপের মূল পর্ব।
