মেসির সামনে খেলে ‘নার্ভাস’ জোকোভিচ, আপ্লুত ম্যাচ জিতে
সফলতম গ্র্যান্ড স্ল্যাম বিজয়ীর খেলা দেখলেন ইতিহাসের সফলতম ফুটবলার, ম্যাচ জিতে নোভাক জোকোভিচ বললেন, ‘কিং লিওকে এখানে পাওয়াটা অসাধারণ; আমি বরাবরই তার ভক্ত।’
তারকাদের দেখতে মাঠে বা কোর্টে যান দর্শকেরা। তবে কখনও কখনও গ্যালারির আলোর ঝিলিকেই ধাঁধিয়ে যায় চোখ। এই যেমন মায়ামি ওপেনের সেমি-ফাইনাল। নোভাক জোকোভিচ ও গ্রিগর দিমিত্রভের লড়াই ঘিরে এমনিতেই কৌতূহল ছিল বেশ। কিন্তু দর্শক সারিতে যখন লিওনেল মেসি, আকর্ষণের অনেকটুকু তো গ্যালারিতেই!
বিশ্ব ক্রীড়াঙ্গনের এক মাহেন্দ্রক্ষণের রচনা হলো যেন। টেনিস ইতিহাসের সফলতম গ্র্যান্ড স্ল্যাম বিজয়ীর খেলা দেখলেন ফুটবল ইতিহাসের সফলতম খেলোয়াড়।
ফ্লোরিডায় মায়ামি ওপেনের সেমি-ফাইনালে বাংলাদেশ সময় শনিবার সকালে দিমিত্রভকে ৬-২, ৬-৩ গেমে উড়িয়ে ফাইনালে পা রাখেন জোকোভিচ। শততম ক্যারিয়ার সিঙ্গলস শিরোপা থেকে স্রেফ একটি জয় দূরে ৩৭ বছর বয়সী কিংবদন্তি।
গত প্রায় ২৪ বছরে জুনিয়র ও সিনিয়র টেনিস মিলে অসংখ্য লড়াই জিতেছেন জোকোভিচ। এর চেয়ে অনেক বড় টুর্নামেন্ট, কঠিন সব লড়াই তিনি জিতেছেন। এই ম্যাচের স্কোরলাইনেও ফুটে উঠছে তার দাপট। অথচ ম্যাচের পর জানালেন, তিনি এ দিন নার্ভাস ছিলেন। সেটির একমাত্র কারণ, গ্যালারিতে এমন একজন দর্শকের উপস্থিতি!
সেই মানসিক বাধা উতরে দারুণ জয়ের পর মেসির প্রতি ভালোবাসা, সমীহ, সম্মান, সবই জানালেন জোকোভিচ।
“কিং লিওকে এখানে পাওয়াটা অসাধারণ ব্যাপার, দারুণ সম্মানের। আমার মনে হয়, প্রথমবার মেসির সামনে খেললাম। সত্যি বলতে, কিছুটা নার্ভাস ছিলাম।”
“পরিবার নিয়ে তিনি এখানে উপস্থিত থাকায় তার প্রতি কৃতজ্ঞ। তার ক্যারিয়ারজুড়েই বিশ্বের প্রায় সবার মতো আমিও তার ভক্ত। দুর্দান্ত ব্যাপার যে তিনি এখনও ছুটে চলেছেন। আমরা একই বয়সী, দুজনেরই জন্ম ১৯৮৭ সালে। তাকে এখানে পাশে পাওয়াটা চমৎকার।”
জোকোভিচের মতো অবস্থা ছিল মাঠের অন্য দর্শকদেরও। কোর্টে খেলা দেখার পাশাপাশি গ্যালারিতে মেসির দিকেও তাদের ছিল নজর। ম্যাচজুড়েই অনেককে দেখা যায় ছবি তুলতে, দূর থেকেই মেসির সঙ্গে সেলফিতে নিজেকে ফ্রেমবন্দি করতে।
ম্যাচের পর দুই আঙিনার দুই কিংবদন্তির দেখা ও কথাও হয়। মেসির হাতে একটি স্মারক জার্সি তুলে দেন জোকোভিচ।
মায়ামি ওপেনের ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের ইয়াকুপ মেনসিক। ১৯ বছর বয়সী উঠতি এই তারকা আদর্শ মানেন জোকোভিচকে। গত মাসেই একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, জোকোভিচকে প্রেরণা মেনেই তিনি এগিয়ে চলেছেন।
ফাইনালে পরিষ্কার ফেভারিট অবশ্য জোকোভিচই। জিততে পারলে শততম ক্যারিয়ার সিঙ্গলস শিরোপা তো হবেই, মাস্টার্স ১০০০ ইভেন্টে সর্বোচ্চ শিরোপা জয়ে তিনি স্পর্শ করবেন আন্দ্রে আগাসিকে।
