ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন পাঁচ বিশ্বকাপ খেলা ফুটবলার
চলতি মৌসুম শেষেই থেমে যাবেন মেক্সিকোর হয়ে রেকর্ড ১৮২ ম্যাচ খেলা আন্দ্রেস গুয়ার্দাদো।
আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়টা গত মাসেই হয়ে গেছে। এবার ক্লাব ক্যারিয়ারে ১৯ বছরে পথচলাও থামিয়ে দিচ্ছেন আন্দ্রেস গুয়ার্দাদো। চলতি মৌসুম শেষেই অবসরে যাবেন মেক্সিকোর এই মিডফিল্ডার।
৩৮ বছর বয়সী ফুটবলার এখন খেলছেন নিজ দেশের ক্লাব লেওনে। ইনস্টাগ্রামে লাইভ ব্রডকাস্ট সেশনে বৃহস্পতিবার তিনি জানান বিদায়ের ঘোষণা। প্লেঅফ উতরে লেওন যদি ‘প্লে-ইন’ খেলার যোগ্যতা অর্জন করতে না পারে, তাহলে তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে রোববারই।
বিদায় বেলায় গুয়ার্দাদো বললেন, পূর্ণতার সন্তুষ্টির নিয়েই যাচ্ছেন তিনি।
“প্লে-ইন খেলার সামান্য সম্ভাবনা এখনও আছে আমাদের। আশা করি, সেটি হবে। যদি না হয়, তাহলে রোববারের ম্যাচই হবে আমার পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচ।”
“যা কিছু অর্জন করতে পেরেছি, সব কিছুর গৌরবকে সঙ্গী করে ও স্বপ্ন পূরণ করার তৃপ্তি নিয়ে কৃতজ্ঞচিত্তে বিদায় নিচ্ছি আমি।”
২০০৫ সালে মেক্সিকোর ক্লাব আতলাসের হয়ে পেশাদার ক্যারিয়ারের শুরু তার। জাতীয় দলেও জায়গা করে নেন ওই বছরই।
রেকর্ড পাঁচটি ফুটবল বিশ্বকাপে খেলা ছয় ফুটবলারের একজন তিনি। মেক্সিকোর হয়ে অংশ নিয়েছেন ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে। কনক্যাকাফ গোল্ড কাপে খেলেছেন তিনটি আসরে।
মেক্সিকোর হয়ে রেকর্ড ১৮২ ম্যাচ খেলার কীর্তিও আছে তার।
গত মাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলকে বিদায় জানান তিনি। সেদিন তাকে ঘিরে আবেগঘন আয়োজন ছিল দলের।
১৯ বছর আগে আতলাসের হয়ে ক্যারিয়ার শুরুর পর স্পেনে পাড়ি জমান গুয়ার্দাদো। দেপোর্তিভো লা করুনিয়ার হয়ে খেলেন তিনি পাঁচ বছর। পরে ভালেন্সিয়া, বায়ার লেভারকুজেন, আইন্দহোভেন হয়ে নাম লেখান রেয়াল বেতিসে। ২০১৭ সাল থেকে টানা ছিলেন এই ক্লাবে। গত জানুয়ারিতে পারস্পরিক সমঝোতায় বেতিস ছেড়ে যান তিনি। ইউরোপিয়ান ফুটবলে তার অধ্যায় শেষ হয় এতে। সেদিনই লেওনে যোগ দেওয়ার ঘোষণা দেন তিনি।
খেলা ছাড়লেও ফুটবল তিনি ছাড়ছেন না। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, জাতীয় দলের কোচিং স্টাফে দেখা যাবে তাকে।
