১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ক্যারিকের ছোঁয়ায় বদলে যাওয়া ইউনাইটেডের টানা চতুর্থ জয়

এবারের প্রিমিয়ার লিগে আগে যা পারেনি, ক্যারিকের কোচিংয়ে তাই করে দেখাল দলটি।

ক্যারিকের ছোঁয়ায় বদলে যাওয়া ইউনাইটেডের টানা চতুর্থ জয়
প্রথমার্ধে দারুণ গোলে দলকে এগিয়ে নেন ব্রায়ান এমবুমো (ডান থেকে দ্বিতীয়)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2026, 08:45 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

ম্যাচের প্রথম আধা ঘণ্টায়ই ক্রিস্তিয়ান রোমেরোকে হারিয়ে ১০ জনের দলে পরিণত হলো টটেনহ্যাম হটস্পার। ৯ মিনিট পর গোলও হজম করল তারা। দ্বিতীয়ার্ধে আরেক গোল করে প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয় নিয়ে মাঠ ছাড়ল ম্যানচেস্টার ইউনাইটেড।

ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার ২-০ গোলে জিতেছে স্বাগতিকরা। ব্রায়ান এমবুমো দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস।

চলতি মৌসুমে লিগে এর আগে একবারই সর্বোচ্চ টানা তিনটি ম্যাচ জিতেছিল ইউনাইটেড। অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিক দায়িত্ব নেওয়ার পর, প্রথম চার ম্যাচেই জিতল তারা।

প্রায় পুরোটা সময় আধিপত্য করে জয়ের পর, ২৫ ম্যাচে ১২ জয় ও আট ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে প্রিমিয়ার লিগের সফলতম দলটি।

ম্যাচ শুরুর ৩৫ সেকেন্ডের মধ্যে দারুণ সুযোগ পেয়ে যায় ইউনাইটেড। তবে, ডি-বক্সে ফাঁকায় থেকে কোনাকুনি শট উড়িয়ে মেরে হতাশ করেন এমবুমো। একাদশ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে কাসেমিরোর জোরাল শট ঝাঁপিয়ে আটকে দেন টটেনহ্যাম গোলরক্ষক।

২৯তম মিনিটে নিজেদের দায়ে বড় এক ধাক্কা খায় টটেনহ্যাম। ডি-বক্সের একটু দূরে কাসেমিরোকে বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো।

লিগে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া টটেনহ্যাম শক্তি হারিয়ে আরও যেন ব্যাকফুটে চলে যায়। ৩৮তম মিনিটে পিছিয়েও পড়ে তারা। ছোট করে নেওয়া কর্নারের পর, সতীর্থের কাটব্যাট ফাঁকায় পেয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ক্যামেরুনের ফরোয়ার্ড এমবুমো।

দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মধ্যে আরও দুবার জালে বল পাঠায় ইউনাইটেড। তবে দুবারই অফসাইডের পতাকা উঠলে ব্যবধান বাড়েনি।

অবশেষে ৮১তম মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় ইউনাইটেড। ডান দিক থেকে ডি-বক্সে ক্রস বাড়ান দিয়েগো দালোত, মাথা ছোঁয়ানোর চেষ্টায় ব্যর্থ হন বেনিয়ামিন শেশকো। তবে ছয় গজ বক্সের বাইরে বল পেয়ে প্রথম ছোঁয়ার শটে ব্যবধান বাড়ান ব্রুনো ফের্নান্দেস।

ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি টটেনহ্যাম। এই নিয়ে লিগে টানা সাত ম্যাচ জয়শূন্য রইল দলটি।

২৫ ম্যাচে দশম হারের পর ২৯ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে টটেনহ্যাম। আরও নিচে নামার শঙ্কায়ও পড়ে গেছে দলটি।