২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

পিএসজির বিপক্ষে হারের কারণ খুঁজে পেয়েছেন নয়ার

প্রথম লেগে বর্ণহীন মানুয়েল নয়ার এবার দারুণ কিছু সেভ করলেও, তা দলকে লক্ষ্যে পৌঁছে দিতে পারেনি।

পিএসজির বিপক্ষে হারের কারণ খুঁজে পেয়েছেন নয়ার
ঘরের মাঠে তৃতীয় মিনিটেই গোল হজম করে বিধ্বস্ত মানুয়েল নয়ার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2026, 05:08 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

বেশিরভাগ সময় পজেশন রাখার পাশাপাশি গোলের জন্য শটও নেয় বেশি নেয় বায়ার্ন মিউনিখ, যদিও প্রতিপক্ষ শিবিরে যথেষ্ঠ ভীতি ছড়াতে পারেনি তারা। পারেনি খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার পেছনে দলের এই ধারহীন পারফরম্যান্সকেই কারণ হিসেবে দেখছেন দলটির গোলরক্ষক মানুয়েল নয়ার।

আলিয়াঞ্জ অ্যারেনায় সেমি-ফাইনালের ফিরতি লেগে শুরুতেই উসমান দেম্বেলের গোলে পিছিয়ে পড়ার পর, একদম শেষ সময়ে হ্যারি কেইনের গোলে ১-১ ড্র করতে পারে বায়ার্ন। কিন্তু প্রথম লেগে ৫-৪ গোলে হারের ব্যবধান আর ঘোচাতে পারেনি তারা, ছিটকে পড়ে দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে।

ইতোমধ্যে বুন্ডেসলিগা জয় করা বায়ার্ন ছিল ট্রেবল জয়ের আশায়। এখন সেই সম্ভাবনা শেষ, যা পোড়াচ্ছে পুরো দলটিকে।

ম্যাচ শেষে অভিজ্ঞ গোলরক্ষক নয়ারের কণ্ঠে সেই হতাশা তীব্র হয়ে ধরা দিল। আত্মসমালোচনায় নিজেদের পারফরম্যান্সে ঘাটতির কথাই বললেন তিনি।

“আমার মনে হয়, আজ আমাদের আক্রমণে খুনে মানসিকতা ছিল না। আজ আমরা খুব বেশি পরিষ্কার সুযোগও তৈরি করতে পারিনি, অবশ্য গোল করার মতো সুযোগ ঠিকই তৈরি করেছি।”

ম্যাচে বল দখলে এগিয়ে থেকে গোলের জন্য ১৮টি শট নিয়ে কেবল ছয়টি লক্ষ্যে রাখতে পারে বায়ার্ন। পিএসজির ১৫ শটের সাতটি ছিল লক্ষ্যে। 

প্রথম লেগে একটিও সেভ করতে না পারা মানুয়েল নয়ার এবার দারুণ কিছু সেভ করেন, যদিও তা দলকে লক্ষ্যে পৌঁছে দিতে পারেনি।

বায়ার্নের এখনও ঘরোয়া ডাবল জয়ের সম্ভাবনা টিকে আছে। আগামী ২৩ মে তারা জার্মান কাপের ফাইনালে খেলবে স্টুটগার্টের বিপক্ষে।