Published : 11 Dec 2025, 06:40 PM
চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে ননি মাদুয়েকের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ মিকেল আর্তেতা। বিশেষ করে, ইংলিশ ফরোয়ার্ডের করা প্রথম গোলটি যেন চোখে লেগে আছে আর্সেনাল কোচের। তার ভাষায় সেটি ছিল ‘জাদুকরি মুহূর্ত।’
বেলজিয়ান ক্লাবটির মাঠে বুধবার ৩-০ গোলে জেতে আর্সেনাল। জোড়া গোল করেন মাদুয়েকে, অন্যটি গাব্রিয়েল মার্তিনেল্লির।
একমাত্র দল হিসেবে ৬ ম্যাচের সবকটি জিতে শেষ ষোলোয় এক পা দিয়ে রেখেছে আর্সেনাল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে বায়ার্ন মিউনিখ।
প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলে হেরে ১৮ ম্যাচের অপরাজেয় যাত্রায় ছেদ পড়া আর্সেনাল এদিন শুরু থেকেই ছিল দুর্দান্ত। তাতে দ্রুত সাফল্যও পেয়ে যায় তারা।
ম্যাচের ২৫তম মিনিটে চোখধাঁধানো গোলে আর্সেনালকে এগিয়ে নেন মাদুয়েকে। সতীর্থের পাস ধরে একজনকে কাটিয়ে, আরেকজনের বাধা এড়িয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে বল জালে পাঠান ২৩ বছর বয়সী এই ফুটবলার।
পরে দ্বিতীয়ার্ধের শুরুতেই হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মাদুয়েকে। তবে তার প্রথম গোলটি নিয়েই চলছে আলোচনা। ম্যাচ শেষে এই ফুটবলারের উচ্ছ্বসিত প্রশংসা করলেন আর্তেতাও।
“অবিশ্বাস্য গোল। একক কারো মান, খেলা এবং জাদুকরি মুহূর্তের কথা বললে, এটাই ছিল সেটি। সে এমন একজন খেলোয়াড়, যে এতদূর পর্যন্ত বলটি টেনে নিয়ে, প্রতিপক্ষের খেলোয়াড়দের ড্রিবলে পরাস্ত করে এবং এমন দুর্দান্ত ভাবে ও গতিতে বল জালে পাঠায়।”
চেলসি থেকে গত জুলাইয়ে আর্সেনালে যোগ দেওয়া মাদুয়েকের এবারের চ্যাম্পিয়ন্স লিগে গোল হলো তিনটি। প্রথমটি করেছিলেন আগের রাউন্ডে, বায়ার্ন মিউনিখকে ৩-১ গোলে হারানোর ম্যাচে।
ক্লাব ব্রুজের বিপক্ষে রাইট উইঙ্গার হিসেবে খেলেন মাদুয়েকে, আর্সেনালে এই পজিশনে সাধারণত ইংলিশ ফরোয়ার্ড বুকায়ো সাকাকে খেলতে দেখা যায়। এদিন শুরুর একাদশে ছিলেন না সাকা। ৭১তম মিনিটে মাদুয়েকের বদলি হিসেবে নামেন তিনি।
একই পজিশনে দারুণ দুই ফুটবলার পেয়ে দারুণ খুশি আর্তেতা। তার মতে, দুই জনের মধ্যে সুস্থ একটি লড়াই চলবে দলে জায়গা পাওয়ার। যা দলের জন্য ভালো হবে।
“তাদের দুজনেরই আলাদা গুণাবলী রয়েছে, আর এটা দারুণ, কারণ আমাদের ওদের দরকার হবে।
আর্সেনালের পরের ম্যাচে প্রিমিয়ার লিগে আগামী শনিবার। ঘরের মাঠে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে খেলবে লিগ টেবিলের শীর্ষের দল।