‘বিবর্ণ’ ইংল্যান্ডের উন্নতির জায়গা দেখছেন কেইন
ডেনমার্কের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও পয়েন্ট ভাগাভাগি করার হতাশা আড়াল করলেন না এই ইংলিশ ফরোয়ার্ড।
কষ্টের জয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরুর পর দ্বিতীয় ম্যাচে এসে পয়েন্ট ভাগাভাগি করল ইংল্যান্ড। দুই ম্যাচেই ‘থ্রি লায়ন্স’ খ্যাত দলটির মাঠের পারফরম্যান্সে ছিল না সিংহের গর্জন। বরং, ডেনমার্কের বিপক্ষে দেখা গেল ক্লান্ত-শ্রান্ত এক দলকে! হ্যারি কেইনও বললেন, আরও উন্নতি করা প্রয়োজন তাদের।
ফ্রাঙ্কফুর্টে বৃহস্পতিবার দুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। কেইন ইংলিশদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন মর্টেন ইয়ুলমান।
দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে অবশ্য নকআউট পর্বে ওঠার পথে এগিয়ে গেছে ইংল্যান্ড, কিন্তু তাতে আড়াল হচ্ছে না গ্যারেথ সাউথগেটের দলের বিবর্ণতা। কেইনও মেনে নিলেন, সমর্থকদের মুখে হাসি ফোটাতে ঝলমলে ফুটবল খেলতে পারছেন না তারা।
“আমরা জানি, আমরা উন্নতি করতে পারি। আমি জানি, হয়ত এই পারফরম্যান্স নিয়ে অনেক কথা হবে এবং দেশের মানুষ একটু হতাশও হবে, কিন্তু গত ইউরোতেও একই অভিজ্ঞতা হয়েছিল আমাদের।”
গত আসরেই প্রথমবারের মতো ইউরো জয়ের খুব কাছাকাছি পৌঁছেছিল ইংল্যান্ড। কিন্তু ফাইনালে ইতালির বিপক্ষে হেরে স্বপ্ন ভাঙে তাদের।
দলের দ্যুতিহীনতার দিনে গোলদাতা কেইনও অবশ্য তেমন আলো ছড়াতে পারেননি। অষ্টাদশ মিনিটে প্রতিপক্ষের ভুলে আর সৌভাগ্যের ছোঁয়ায় ছয় গজ বক্সের মুখ থেকে বল জালে পাঠান তিনি। বাকি সময়ে উল্লেখযোগ্য আর কিছু করতে পারেননি বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার।
