ছাঁটাই হতে পারেন, এমন গুঞ্জনের বিষয়ে কী ভাবছেন আলোন্সো
যেকোনো কিছুর জন্য প্রস্তুত থেকেই সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী রেয়াল মাদ্রিদ কোচ।
নতুন কোচের হাত ধরে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল রেয়াল মাদ্রিদ। সবকিছু ঠিকঠাক চলার মাঝেই হঠাৎ ছন্দপতন। মাসখানেকের মধ্যে সাফল্যের পথ থেকে ছিটকে পড়ে, ব্যর্থতার জালে বন্দি হয়ে পড়েছে দলটি। তাতে, নানারকম গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে। ক্লাবটির ড্রেসিং রুম অস্থির হয়ে উঠেছে, কোচ শাবি আলোন্সোর ভবিষ্যৎ হয়ে পড়েছে অনিশ্চিত-আসছে এমন সব খবর। তবে এসবের কোনো কিছুই সত্যি নয় বলে জানালেন তিনি।
মূলত রেয়ালের ছন্দপতনটা হয়েছে লা লিগায়। গত মাসের প্রথম সপ্তাহেও তারা বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে ছিল শীর্ষে। গত পাঁচ রাউন্ডের মাত্র একটিতে জিতে (তিন ড্র ও এক হার) তারাই এখন ৪ পয়েন্ট পিছিয়ে নেমে গেছে দ্বিতীয় স্থানে।
সবশেষ ম্যাচে গত রোববার লিগে সেল্তা ভিগোর বিপক্ষে ২-০ গোলে হারের পর, ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস বোর্ডের সদস্যদের সঙ্গে আলোন্সোর ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসেছিলেন বলে খবর আসে। তবে এসব ‘উড়ো খবর’ নিয়ে ভাবছেন না বলেই জানালেন আলোন্সো।
কঠিন সময়ের মাঝেই বুধবার বড় পরীক্ষায় নামতে যাচ্ছে রেয়াল মাদ্রিদ; চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। এর আগের দিন সংবাদ সম্মেলনে, স্কোয়াডের সবাই এখনও তার পাশে আছেন কি-না, এমন প্রশ্নের উত্তরে এক শব্দে কোচ বলেন, ‘হ্যাঁ।’
“দল ঐক্যবদ্ধ আছে, দলের সবার মাঝে (ঘুরে দাঁড়ানোর ব্যাপারে) বিশ্বাসটা আছে। সবাই আত্মবিশ্বাসী যে, আগামীকাল (বুধবার) আমরা জিততে পারব। কারো মধ্যে কোনো সংশয় নেই। তবে সেজন্য আমাদের ভালো ছন্দে খেলতে হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতায় লড়তে হবে।”
সূত্রের বরাত দিয়ে গত সোমবার ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছিল, আলোন্সোকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে ক্লাব কর্তৃপক্ষ। সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডারের জায়গায় ক্লাবের ইতিহাসের দারুণ সফল কোচ জিনেদিন জিদান ও রিজার্ভ-টিমের কোচ আলভারো আরবেলোয়ার কথা ভাবছে বলেও ওই প্রতিবেদনে বলা হয়।
এমন গুঞ্জনের বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে আলোন্সো বলেন, “রেয়াল মাদ্রিদের কোচ হিসেবে এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। আমি এমনটাই মনে করি। সামনে যে চ্যালেঞ্জ আছে, আমি সেটা নিয়ে রোমাঞ্চিত, আগামীকাল থেকেই তা শুরু হচ্ছে।”
সেল্তার বিপক্ষে দলের বাজে পারফরম্যান্সের পর আলোন্সো বলেছিলেন, তিনিসহ দলের সবাই হতাশ ও ক্ষুব্ধ। তার মতে, ওই মুহূর্তে সেটাই ছিল স্বাভাবিক।
“(সেল্তা ম্যাচের পর) যে ক্ষোভ ছিল, সেটা স্বাভাবিক ব্যাপার। এখন আমরা সিটি ম্যাচ নিয়ে ভাবছি, চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে। ফুটবলে সবকিছু দ্রুত পাল্টে যেতে পারে।”
চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য তুলনামূলক ভালো অবস্থায় আছে প্রতিযোগিতার সফলতম ক্লাবটি। পাঁচ ম্যাচে চার জয়ে আরও তিন দলের সমান ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।
