২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফা ই–বিশ্বকাপের জন্য খেলোয়াড়ের খোঁজে বাফুফে

ই-স্পোর্টসের মাধ্যমেও দেশের ফুটবলকে এগিয়ে নিতে চান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2025, 10:11 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

আগামী ডিসেম্বরে সৌদি আরবের রিয়াদে ফিফা ই-বিশ্বকাপ। তার আগে ই-ফুটবল কনসোল, মোবাইল ও রকেট লিগ—তিন বিভাগের বাছাই হবে সেপ্টেম্বর ও অক্টোবরে। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার লক্ষ্যে খেলোয়াড় খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

২২ অগাস্ট থেকে ৬ অক্টেবার পর্যন্ত চলবে বাছাই। বাছাইয়ের প্রথমাংশ অনলাইন এবং কোয়ার্টার-ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত অফলাইন ল্যান পদ্ধতিতে আয়োজন করবে বাফুফে। তরুণদের মধ্যে ই-স্পোর্টসের ক্রমবর্ধমান জনপ্রিয়তা, তাদের সম্পৃক্ততা কাজে লাগিয়ে আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল এবং এই ই-স্পোর্টসের মাধ্যমে দেশের ফুটবলের উন্নতির আশাবাদ রোববার সংবাদ সম্মেলনে জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

“আরেকটা যাত্রায় পা দিলাম আমরা। সেটা হলো ই-স্পোর্টস। সব খেলা ই-স্পোর্টসের আওতায় পড়ে। আমরা শুধু ফুটবল নিয়ে কাজ করব। আমরা আশাবাদী, অন্যান্য দেশ যেভাবে ই-স্পোর্টসের মাধ্যমে ফুটবলে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশও সেভাবে তাল মিলিয়ে এগিয়ে যাবে।”

বাছাইকৃত প্রার্থীরা এশিয়া-ইস্ট ও ওশেনিয়া অনলাইন রিজিওনাল কোয়ালিফায়ারর্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। বাছাই পেরুতে পারলে কনসোল বিভাগে ৩টি দল এবং মোবাইল বিভাগে ৪ জন খেলোয়াড় পাবেন সরাসরি রিয়াদে অনুষ্ঠেয় ফিফা ই-বিশ্বকাপে খেলার সুযোগ। 

প্রতিযোগিতামূলক ভিডিও গেমিংকে বিশ্বের বিভিন্ন দেশ আনুষ্ঠানিক স্বীকৃতি ও বৈধতা দেওয়ার ধারায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশও। গত ১৩ জুলাই এক প্রজ্ঞাপণে ‘ই-স্পোর্টসকে’ স্বীকৃতি দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।