চার ড্রয়ের পর ফের হারল মোহামেডান
শেষ দিকে মোজাফ্ফর মোজাফ্ফরভ পেনাল্টি থেকে এক গোল শোধ করলেও হার এড়াতে পারেনি মোহামেডান।
জোড়া গোলে ম্যাচে ফর্টিস এফসিকে চালকের আসনে বসিয়ে দিলেন ইসা জালো। এরপর মোজাফ্ফর মোজাফ্ফরভের পেনাল্টি গোলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ্য পেল মোহামেডান, কিন্তু হার এড়াতে পারল না সাদাকালো জার্সিধারীরা।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। প্রায় আধঘণ্টা সময় এক জন কম নিয়ে খেলেও মোহামেডানকে রুখে দিয়েছে তারা।
মোহামেডানের হোম ভেন্যুতে ম্যাচের ২০তম মিনিটে ইসা জালোর গোলে এগিয়ে যায় ফর্টিস। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে গাম্বিয়ান এই ফরোয়ার্ডই ব্যবধান করেন দ্বিগুণ।
৬৪তম মিনিটে বক্সে ফাউল করে নিঝুম সাজেদ লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় ফর্টিস।
উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফ্ফর মোজাফ্ফরভ সফল স্পট কিকে মোহামেডানকে ম্যাচে ফেরার উপলক্ষ্য এনে দেন। কিন্তু বাকি সময়ে তারা পারেনি সমতাসূচক গোল করতে। তাতে টানা চার ড্রয়ের পর হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় মোহামেডানকে।
