২০২৬ ফুটবল বিশ্বকাপ
Published : 13 May 2026, 07:07 PM
প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া স্বপ্নের মতো ব্যাপার, সেখানে আবার লিওনেল মেসির মতো মহাতারকার বিপক্ষে খেলার সুযোগ- জর্ডানের প্রত্যাশার সব সীমানা যেন ছাড়িয়ে যাচ্ছে এবার। বিশ্ব চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য কেবল রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছে না এশিয়ার দেশটি, কোচ জামাল সেল্লামি বলেছেন, নক আউট পর্বে যেতে ওই ম্যাচে সমীকরণ মেলানোরও প্রস্তুতি নিচ্ছেন তারা।
দশমবারের চেষ্টায় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে ক্রমেই উন্নতি করা জর্ডান। ২০২৩ সালে এশিয়ান কাপের ফাইনালে খেলা দলটি বিশ্বকাপে জে গ্রুপে খেলবে অস্ট্রিয়া, আলজেরিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে।

ফিফার সঙ্গে সাক্ষাৎকারে জর্ডানের উন্নতি, বিশ্বকাপে দলের চাওয়া নিয়ে কথা বললেন সেল্লামি। স্বাভাবিকভাবে বড় অংশ জুড়ে থাকলেন মেসি।
“আমাদের জন্য আর্জেন্টিনার বিপক্ষে লড়াই হবে তৃতীয় ম্যাচ। স্বাভাবিকভাবেই, আমরা চাই মেসি ওই ম্যাচে উপস্থিত থাকুক। কারণ, এখন যেসব খবর আসছে সেগুলো নিশ্চিত করছে না যে, মেসি থাকবে নাকি না। আশা করি, সে থাকবে, কারণ সে এখনও ফুটবলের একজন আইকন, তাই ম্যাচটি খুব রোমাঞ্চকর হবে। আশা করি, এই ম্যাচ দিয়ে আমরা বিশ্বকাপে পরের রাউন্ডে নিজেদের জায়গা নিশ্চিত করতে পারব।”
“মেসির মুখোমুখি হওয়া অনন্য এক অভিজ্ঞতা। এটা আমাদের খেলোয়াড়দের জন্য দারুণ এক চ্যালেঞ্জ হবে। প্রতিটি পর্যায়ের জন্য আমাদের সুনির্দিষ্ট প্রস্তুতি আছে। কারণ, আর্জেন্টিনা ম্যাচের আগে আমাদের আরও দুটি খুব গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। মেসির বিপক্ষে ম্যাচের জন্য বিশেষ প্রস্তুতির প্রয়োজন হবে।”
আগামী ২৮ জুন আর্জেন্টিনার মুখোমুখি হবে জর্ডান।