Published : 17 Aug 2026, 11:20 PM
নতুন নিয়মে শাস্তি পাওয়া প্রথম খেলোয়াড় হয়ে গেলেন সান্তোস অধিনায়ক নেইমার। গোলরক্ষকের চিকিৎসার জন্য সময় নষ্ট হওয়ায় এক মিনিট মাঠের বাইরে থাকতে হয় এই তারকা ফরোয়ার্ডকে।
ইংলিশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় পরীক্ষামূলকভাবে এই নিয়ম চালু হয়েছে। গোলরক্ষকের মাঠে চিকিৎসার প্রয়োজন হলে খেলা শুরু হওয়ার পর কোচের ঠিক করে দেওয়া একজন আউটফিল্ড খেলোয়াড় এক মিনিটের জন্য বাইরে যাবেন।
কোচ ১০ সেকেন্ডের মধ্যে খেলোয়াড়ের নাম ঠিক করতে না পারলে অধিনায়ককে বাইরে যেতে হবে।
ভাস্কোর বিপক্ষে রোববার ৩-০ ব্যবধানে জয় পাওয়ার পথে সান্তোস গোলরক্ষকের মাঠে চিকিৎসা নেওয়ার প্রয়োজন পড়ে। ১০ সেকেন্ডের মধ্যে দলের কোচ কোনো খেলোয়াড়ের নাম ঠিক করতে না পারায় অধিনায়ক নেইমারকে মাঠের বাইরে যেতে বলেন রেফারি।