২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯ পয়েন্টে লিড আর্সেনাল কোচের কাছে ‘কিছুই না’

২২ বছর পর পয়েন্ট তালিকায় এত এগিয়ে গেল আর্সেনাল, কিন্তু তাতে তৃপ্ত নন কোচ মিকেল আর্তেতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2026, 12:32 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

৯ পয়েন্ট এগিয়ে থেকে পয়েন্ট তালিকার শীর্ষে আর্সেনাল। গত ২৬ বছরে দেখা যায়নি এমন কিছু! তবে পয়েন্ট তালিকার এই ছবিটা মিকেল আর্তেতার মনে তৃপ্তির দোলা দিতে পারছে না। চূড়ান্ত লক্ষ্যে তাকিয়ে আর্সেনাল কোচের দৃদপ্ত উচ্চারণ, পথের এখনও অনেক বাকি।

সান্ডারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় এই ব্যবধান গড়েছে আর্সেনাল। ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট আর্তেতার দলের। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪৭। 

২০০৩-০৪ মৌসুমের সেই অপ্রতিরোধ্য দলের সাফল্যের পর এমন অভিজ্ঞতা আর হয়নি আর্সেনালের। সেবার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া দলটি চ্যাম্পিয়ন হয়েছিল ১১ পয়েন্ট এগিয়ে থেকে। মৌসুমের শেষ দিনটি শেষ করেছিল ৯০ পয়েন্ট নিয়ে। চেলসির পয়েন্ট ছিল ৭৯।

ম্যানচেস্টার সিটি অবশ্য রোববারই ব্যবধান কমাতে পারে আবার। তবে তাদের অপেক্ষায় কঠিন চ্যালেঞ্জ। ম্যাচটি খেলবে তারা লিভারপুলে, যেখানে লিগে সবশেষ ২২ ম্যাচে তাদের জয় স্রেফ একটি।

সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে যখন আর্তেতাকে জিজ্ঞেস করা হলো এই বিশাল লিডের অর্থ তার কাছে কী, তখন তার ঝটপট উত্তর, “কিছই না…।”

পরে সেটির ব্যাখ্যাও দিলেন আর্সেনাল কোচ।

“আমরা যা করতে চাই, তা অর্জন করতে এখনও অনেক জয় আমাদের পেতে হবে। কাজেই এটা (৯ পয়েন্টের লিড) নিয়ে ভাবার কিছু নেই, এটা অন্য ব্যাপার। আজকে নিজেদের কাজ করেছি আমরা, যা করার ছিল করেছি। এখন পারফরম্যান্স মূল্যায়ন করব, উন্নতির চেষ্টা করব এবং ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত হব।”

আর্সেনালের এই জয়ে দুটি গোল করেছেন ভিক্তর ইয়োকেরেশ। তুমুল আলোচিত দলবদলে নতুন ক্লাবে আসার পর শুরুতে প্রত্যাশা পূরণ করতে ধুঁকছিলেন তিনি। সেই সময়টা পেছনে ফেলে সবশেষ আট ম্যাচে তার গোল এখন ছয়টি। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ গোল করলেন সুইডিশ স্ট্রাইকার। 

ইয়োকেরেশের দুঃসময়ে বারবার তার পাশে থাকার কথা বলেছিলেন আর্তেতা। এখন সুসময়ের কোচ বলছেন, গোল ছাড়াও ভালো লাগার অনেক উপকরণ আছে এই ফরোয়ার্ডের ভেতর।

“এই ধরনের মানসিকতাই আমাদের প্রত্যাশিত ছিল। এই জার্সি গায়ে চাপালে অনেক দায়িত্ব ও প্রবল প্রত্যাশাও চলে আসে। সেসব নিয়েই চলতে হয়। এই পথচলায় কিছু সময় খুবই ভালো যাবে, কিছু সময় কঠিন। কিন্তু তার মানসিকতা আমার ভালো লাগে, যেভাবে সে প্রতিটি দিনকে আলিঙ্গন করে এবং যেভাবে বর্তমানে থাকতে চায়। এটিই তাকে করতে হবে এবং যে ভূমিকাই তাকে দেওয়া হয়, দলকে সহায়তা করার সত্যিকারের ইচ্ছা তার আছে।”