২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেসুসের চোখে ফের সেই স্ফুলিঙ্গ দেখছেন আর্সেনাল কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পারফরম্যান্সে মুগ্ধ মিকেল আর্তেতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2024, 04:56 PM

Updated : 26 Aug 2026, 10:06 AM

নিজের ছায়া থেকে বেরিয়ে আসার আভাস দিয়েছেন গাব্রিয়েল জেসুস। প্রাক মৌসুমের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তার পারফরম্যান্সে মুগ্ধ আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের মাঝে ফের ভালো করার তাড়না দেখতে পাচ্ছেন তিনি।

লস অ্যাঞ্জেলসে রোববার প্রীতি ম্যাচে ইউনাইটেডকে ২-১ গোলে হারায় আর্সেনাল। দশম মিনিটে রাসমুস হয়লুনের গোলে পিছিয়ে পড়া আর্সেনালকে সমতায় ফেরান জেসুস। শেষ দিকে দলটির জয়সূচক গোলটি করেন আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লি।

গত মৌসুমটা একদমই ভালো কাটেনি জেসুসের। হাঁটুর চোটের পাশাপাশি ভোগেন হ্যামস্ট্রিংয়ের সমস্যায়ও। সঙ্গে ফর্মও ছিল না প্রত্যাশা অনুযায়ী। তাতে শুরুর একাদশেও জায়গা হারাতে হয় তাকে।

২০২৩-২৪ মৌসুমে প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচ খেলে স্রেফ চারবার জালের দেখা পান জেসুস। পাঁচটি গোলে করেন অ্যাসিস্ট। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৩৬ ম্যাচে তার গোল ও অ্যাসিস্ট ৮টি করে।

নতুন মৌসুম শুরুর আগে পুরোনো ছন্দে ফেরার ঝলক দেখালেন জেসুস। ইউনাইটেডের বিপক্ষে যেমন দুর্দান্ত ছিলেন তিনি। গোল করার পাশাপাশি মাঠে তার বিচরণও মন জয় করে নিয়েছে আর্তেতার।

ম্যাচ শেষে ২৭ বছর বয়সী জেসুসকে প্রশংসায় ভাসান আর্সেনাল কোচ।

“সে বেশ ভালো অবস্থায় আছে। তাকে খুবই তীক্ষ্ণ লাগছে। এই গ্রীষ্ম জুড়ে সে অনেক কিছু পরিবর্তন করেছে। আবারও শীর্ষ অবস্থায় ফিরেছে। শক্ত ভিতে দাঁড়িয়ে অন্যান্য সব কিছু করা সম্ভব; কিন্তু সেই ভিত্তি ছাড়া কিছুই সম্ভব নয়। নিজের সেরাটা বের করে আনার জন্য তাকে সেই অবস্থায় থাকতে হবে। সেটা সে বুঝতে পেরেছে। আজ সে যা দেখিয়েছে, তাতে আমি সত্যিই খুশি।”

“(সে কী করেছে?) এই প্রশ্নটা তার জন্য। কিন্তু আমি উত্তর জানি। এটাই বাস্তবতা এবং আপনি তা দেখতে পারেন। তার সবকিছু দেখার ধরন, ছন্দ, তীক্ষ্ণতা, মাঠে যেভাবে সে বিচরণ করছে। আপনি তার চোখে আবারও স্ফুলিঙ্গ দেখতে পাবেন। এখন সে নিজেকে প্রমাণ করার জন্য কারণ খুঁজে পেয়েছে এবং এটা ভালো দিক।”