Published : 05 Nov 2025, 02:20 AM
দিনের পর দিন দলের পারফরম্যান্সের যে যাচ্ছেতাই অবস্থা হয়েছিল, তাতে অনিশ্চিত হয়ে পড়েছিল ফিওরেন্তিনা কোচের ভবিষ্যৎ। এবার বেজে গেল বিদায় ঘণ্টা। সেরি আর ক্লাবটির কোচের পদ থেকে ছাঁটাই হলেন স্তেফানো পিওলি।
এবারের সেরি আয় এখনও কোনো জয়ের স্বাদ পায়নি ফিওরেন্তিনা। টানা ব্যর্থতায় সবশেষ তারা হেরে যায় গত রোববার, লিসের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে।
লিগের প্রথম ১০ রাউন্ডের মধ্যে এটা তাদের ষষ্ঠ পরাজয়। মূলত এরপরই ক্লাব কর্তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এর দুদিন পর, মঙ্গলবার এক বিবৃতিতে পিওলিকে বরখাস্ত করার কথা জানায় ফিওরেন্তিনা।
সেরি আয় গত আসরে ষষ্ঠ হওয়া ফিওরেন্তিনার এবার প্রথম দুই রাউন্ডে ড্রয়ের পর হারের যাত্রা শুরু হয়। এখন পর্যন্ত ৬ হারের পাশে ৪টি ড্র করেছে তারা। ৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তলানিতে।
লিগে অবস্থা নাজুক হলেও, উয়েফা কনফারেন্স লিগে দারুণ পারফরর্ম করছে ফিওরেন্তিনা। দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।