বাংলাদেশের বিপক্ষে ‘হাই ইনটেনসিটির’ ম্যাচের অপেক্ষায় সন্দেশ জিঙ্গান
বাংলাদেশের বিপক্ষে বেশি জয়ের গল্পও সামাজিক যোগাযোগের মাধ্যমে বলেছেন ভারতের এই ডিফেন্ডার।
ভারতের রুদ্ধদ্বার অনুশীলনে গণমাধ্যমকর্মীদের কারো যাওয়ার সুযোগ নেই। ফলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে সুনিল-ফারুকদের ভাবনা সরাসরি জানার সুযোগও নেই। তবে, বাংলাদেশকে নিয়ে তাদের ভাবনার কিছুটা আঁচ পাওয়া গেল এবার।
ভারতের অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ জিঙ্গান সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে তার ভাবনার কথা জানালেন। ইঙ্গিত দিলেন, প্রতিবেশীরা ছেড়ে কথা বলবে না, লড়বে চোখে চোখ রেখে।
পরিসংখ্যান অনুযায়ী দুই দল এ পর্যন্ত ৩১ বার মুখোমুখি হয়েছে। সেখানে ভারতের আধিপত্য স্পষ্ট, ১৬টি জয় তাদের। বাংলাদেশের জয় মাত্র ৩টি। বাকি ১২ ম্যাচ ড্র।
ইন্ডিয়ান ফুটবল টিমের অফিসিয়াল ফেইসবুকে সন্দেশ এই পরিসংখ্যান টানলেও বলেছেন, শিলংয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য দারুণ লড়াইয়ের হতে যাচ্ছে।
“যখনই আমারা বাংলাদেশের মুখোমুখি হই, আমরা জানি, এটা এমন একটা ম্যাচ হতে যাচ্ছে যেখানে অনেক আবেগ এবং হাই ইনটেনসিটি থাকবে। তারা আমাদের প্রতিবেশী, তাই আপনি এইটা প্রত্যাশা করতেই পারেন, কিন্তু অধিকাংশ সময় আমরাই তাদেরকে বিপক্ষে সাফল্য পেয়েছি।”
আগামী মঙ্গলবার শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
ভারতের মাঠে দুই দলের সবশেষ সাক্ষাতের স্মৃতি বাংলাদেশের জন্য অম্ল-মধুর। ২০১৯ সালে কলকাতার সল্টলেকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জয়ের পথে থাকা বাংলাদেশ শেষ মুহূর্তে গোল হজম করে ১-১ ড্র করেছিল।
