প্রথম মৌসুমেই তিন ট্রফি জিতে বার্সেলোনা কোচ শোনালেন পেছনের গল্প
হান্সি ফ্লিকের কোচিংয়ে বদলে যাওয়া বার্সেলোনা স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রের পর এবার জিতে গেল লা লিগা।
অভিজ্ঞ ফুটবলার কিছু আছে বটে, তবে দলের বেশির ভাগই তরুণ প্রতিভাবান ফুটবলার। কেউ হয়তো নিজের সামর্থ্য জানেন না, কারও আত্মবিশ্বাস কম, কেউ ততটা পোক্ত নন। প্রয়োজন ছিল সবাইকে এক সুতোয় গাঁথা, সবার হৃদয়ে বিশ্বাসের ভিত গড়ে তোলা। সেই কাজটিই করেছেন হান্সি ফ্লিক। ধরা দিয়েছে অসাধারণ সাফল্যও। বার্সেলোনার কোচের দায়িত্বে প্রথম মৌসুমেই তিনটি ট্রফি জিতে জার্মান এই কোচ উচ্ছ্বসিত তার দল নিয়ে।
লা লিগায় বৃহস্পতিবার এস্পানিওলের মাঠে ২-০ গোলের জয়ে নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার শিরোপা। দুই ম্যাচ বাকি রেখেই রেয়াল মাদ্রিদকে সাত পয়েন্টে পেছনে ফেলে লিগ জিতে নিল ফ্লিকের দল।
গত জানুয়ারিতে রেয়ালকে হারিয়েই স্প্যানিশ সুপার কাপ জিতে নেয় বার্সেলোনা। গত মাসের শেষ দিকে কোপা দেল রের উত্তেজনাময় ফাইনালেও তারা হারায় চিরপ্রতিদ্বন্দ্বী দলটিকে।
চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়ায় ‘ট্রেবল’ জেতা হয়নি ফ্লিকের দলের। তবে ঘরোয়া শিরাপাত্রয়ী ঠিকই জিতেছে কাতালানরা। সঙ্গে বাড়তি প্রাপ্তি, এক মৌসুমে চারবার রেয়াল মাদ্রিদকে হারানোর অনন্য অর্জন।
লিগের শুরুটা দারুণ করার পরও পেছনে পড়ে গিয়েছিল বার্সেলোনা। তবে সেখান থেকে ঘুরে দাঁড়ায় তারা দারুণভাবে। গত ডিসেম্বরের শেষ ভাগ থেকে লিগে আর কোনো ম্যাচ না হেরেই শিরোপার স্বাদ পেয়ে গেল দলটি। কোচের কণ্ঠে ফুটে উঠল সেই তৃপ্তি।
“আমরা সবসময়ই ইতিবাচক থাকতে চেয়েছি এবং ট্রেনিং সেশনগুলোতে তা অনুভব করতে পেরেছি। বার্সেলোনার মতো ক্লাবে শিরোপা জিততে হয় এবং আমরা এবার তিনটি ট্রফি জিতেছি, যা দারুণ।”
“আমার মনে হয়, বিশেষ করে মৌসুমের দ্বিতীয় ভাগে আমরা ছিলাম অসাধারণ। আমরা একটি ম্যাচও হারিনি, এটা স্রেফ দুর্দান্ত। গোটা দল, পুরো ক্লাব ও সমর্থকদের অভিনন্দন। যা কিছু অর্জন করেছি, আমরা খুবই খুশি।”
একটা পর্যায়ে রেয়াল মাদ্রিদ এগিয়ে গিয়েছিল ৯ পয়েন্টে! তবে দলকে আশা হারাতে দেননি কোচ। গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রেয়াল মাদ্রিদের বিপক্ষে জয়টি দলের ভেতরের বিশ্বাস পোক্ত করে তোলে, বললেন ফ্লিক।
“মানসিকভাবে শক্ত থাকা খুব গুরুত্বপূর্ন। বছরজুড়েই আমরা তা করতে চেয়েছি এবং জানুয়ারিতে সুপার কাপ জয়টা আমাদেরকে আত্মবিশ্বাসী করে তোলে। ফুটবলাররা যেভাবে নিজেদের চূড়া ছুঁয়েছে এবং অন্যরা উন্নতি করেছে, দেখে দারুণ লেগেছে।”
মাঠে ফুটবলাররা নিজেদের উজাড় করে দিয়েছেন। লামিনে ইয়ামাল, পেদ্রির মতো তরুণরা এই মৌসুমে তারকা হয়ে উঠেছেন, নিজেকে নতুন করে চিনিয়েছেন রাফিনিয়া, রবের্ত লেভানদোভস্কি দেখিয়েছেন অভিজ্ঞতার মূল্য। তবে সবকিছুর নেপথ্য কারিগর তো একজন!
সেই কোচ ফ্লিক বললেন, দায়িত্ব নেওয়ার পর তার মূল লক্ষ্য ছিল দলের পারস্পরিক বন্ধন পোক্ত করা।
“আমার মনে হয় না মৌসুমজুড়ে এটা ব্যাখ্যা করার ফুরসত খুব বেশি ছিল আমার, তবে দলে একটি সংস্কৃতি গড়ে তোলা, পারিবারিক আবহ গড়ে তোলায় অনেক জোর দিয়েছি আমি। তীব্র তাড়না ও দারুণ মানসিকতা নিয়ে অনেক কাজ করতে হয়েছে।”
“এখন এই পরিবারকে দেখে দারুণ লাগছে। আমরা যেভাবে পরস্পরকে দেখভাল করি, এটা অনন্য। আমি উচ্ছ্বসিত।”
বার্সেলোনার বিস্ময় বালক লামিনে ইয়ামাল এই মৌসুমে সত্যিকার অর্থেই হয়ে উঠেছেন বিশ্ব তারকা। মৌসুমজুড়ে অবিশ্বাস্য ফুটবল উপহার দিয়েছেন। লিগ শিরোপা জয়ের ম্যাচেও এস্পানিওলের বিপক্ষে অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে দিয়েছেন তিনি।
১৭ বছর বয়সী তারকাকে নিয়ে হইচই চলছে ফুটবল বিশ্বময়। তবে কোচ মনে করিয়ে দিলেন, গোটা দল মিলেই এমন অর্জন।
“এটা বার্সেলোনার লা লিগা। কোনো একজন ফুটবলারের ব্যাপার এটি নয়। লামিনে অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আমরা একটি দল এবং সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই মিলেই দলটা পরিপূর্ণ।”
“সবাই নিজেদের কাজ ঠিকঠাক করেছে। আমরা একটি দল। আমরা এমন কিছুই চেয়েছিলাম। ক্লাবের সেরা রূপটা আমরা মেলে ধরতে পেরেছি। সমর্থকেরা সবাই গর্বিত হতে পারেন।”
বার্সেলোনার পরের ম্যাচ রোববার ভিয়ারেয়ালের সঙ্গে। ঘরের মাঠে সেদিনই হয়তো শিরোপা উৎসব আরও ভালোভাবে করবে ফ্লিকের দল।
