Published : 12 Oct 2024, 05:59 PM
ফুটবলের ব্যস্ত সূচি নিয়ে আলোচনা এখন তুঙ্গে। বারবার সামনে আসছে খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার প্রসঙ্গ। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে মনে করছেন, ফুটবলারদের বিশ্রাম দেওয়া উচিত তাদের ক্লাবগুলোর। তার মতে, জাতীয় দলের সেই সুযোগ নেই।
ঠাসা সূচির কারণে ইউরোপিয়ান ফুটবলে চোট পাওয়া খেলোয়াড়ের সংখ্যা দিনকে দিন বেড়েই চলছে। নেশন্স লিগের আসছে দুই ম্যাচের জন্য যেমন ইউরো জেতা দল থেকে ৬ জনকে পাচ্ছে না স্পেন।
ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি ও রেয়াল মাদ্রিদ ডিফেন্ডার দানি কারভাহাল পুরো মৌসুম থেকে ছিটকে গেছেন চোটের থাবায়। এই দুইজনের সঙ্গে প্রথম পছন্দের গোলরক্ষক উনাই সিমন, ডিফেন্ডার হবাঁন লু নহমাঁ, মিডফিল্ডার দানি ওলমো ও উইঙ্গার নিকো উইলিয়ামসও নেই স্পেন দলে।
বার্সেলোনা ও স্পেনের হয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত সম্ভাব্য ১৩ ম্যাচের ১২টিতেই শুরুর একাদশে খেলেছেন লামিনে ইয়ামাল। চলতি সপ্তাহে তাকে ১০ নম্বর জার্সি দিয়েছে স্পেন। জাতীয় দলে অভিজ্ঞদের অনুপস্থিতিতে নেশন্স লিগের ম্যাচে ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের কাঁধে থাকবে বাড়তি দায়িত্ব।
ক্লাব ও জাতীয় দলের হয়ে টানা খেলার মধ্যে থাকা ইয়ামালের বিশ্রাম নিয়ে উঠছে প্রশ্ন। শনিবার ডেনমার্কের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগের দিন স্পেন কোচ লা ফুয়েন্তে উড়িয়ে দিয়েছেন সেই সম্ভাবনা। সঙ্গে বলেছেন, মৌসুমে জাতীয় দলের হয়ে সামান্য সংখ্যক ম্যাচ খেলা ফুটবলারদের বিশ্রাম দেওয়ার দায়িত্ব তাদের ক্লাবের।
“আমি লামিনের সঙ্গে কথা বলেছি, সে তরুণ এবং প্রত্যেকের (খেলার) সময় আমাদের ম্যানেজ করতে হবে, তবে জাতীয় দলে এটা করা কঠিন। কোচিং করানোর জন্য বছরে ৭০টি ম্যাচ থাকলে এটা করা সহজ হতো। কিন্তু আমার হাতে মাসে দুটি ম্যাচ থাকে এবং আমরা প্রতিটি ম্যাচ বাছাইপর্বের জন্য খেলছি।”
“ফিফার এক গবেষণায় বলা হয়েছে, (আন্তর্জাতিক) খেলোয়াড়রা মাত্র ৩.৫ শতাংশ ম্যাচ জাতীয় দলের হয়ে খেলে। তাই তাদের খেলার সময় ম্যানেজ করা বা না করার দায়িত্ব জাতীয় দলের ওপর পড়ে বলে আমার মনে হয় না। এটা তাদের ওপর বর্তায়, যারা খেলোয়াড়দের সঙ্গে বেশি সময় কাটায়।”
নেশন্স লিগের গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে স্পেন। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ডেনিশদের বিপক্ষে লড়াইয়ের দুই দিন পর আগামী মঙ্গলবার সার্বিয়ার মুখোমুখি হবে স্প্যানিশরা।