রেয়াল মাদ্রিদ ছাড়ছেন দানি কার্ভাহাল
মাদ্রিদের ক্লাবটিতে তার বর্ণাঢ্য ২৩ বছরের পথচলার শেষ হচ্ছে।
ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় রেয়াল মাদ্রিদে কাটিয়ে, এবার প্রিয় ঠিকানাকে বিদায় জানাতে যাচ্ছেন দানি কার্ভাহাল। আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে আসছে ম্যাচে তাকে শেষবারের মতো দেখা যাবে রেয়াল মাদ্রিদের জার্সিতে।
মাদ্রিদের ক্লাবটি সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, দুই পক্ষের আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরই সঙ্গে মাদ্রিদের ক্লাবটিতে তার বর্ণাঢ্য ২৩ বছরের পথচলার শেষ হচ্ছে।
১০ বছর বয়সে রেয়াল মাদ্রিদের আঙিনায় প্রথম পা দিয়েছিলেন কার্ভাহাল। ক্লাবটিতে ১০ বছর কাটিয়ে, ২০১২ সালে বায়ার লেভারকুজেনে যোগ দেন তিনি এবং পরের বছরই ফিরে আসেন প্রিয় ঠিকানায়।
এরপর, টানা ১৩ বছর ধরে কার্ভাহাল আছেন রেয়ালের মূল দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে। এখন দলের অধিনায়কও তিনি। এই সময়ে রেকর্ড ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগাসহ মোট ২৭টি ট্রফি জিতেছেন তিনি, যা ক্লাবের ইতিহাসে সবচেয়ে সফল অধ্যায়গুলোর একটি।
ছয়টি ইউরোপিয়ান কাপ জয়ী পাঁচ ফুটবলারের একজন কার্ভাহাল এবং গত দশকে চ্যাম্পিয়ন্স লিগে রেয়াল মাদ্রিদের অবিশ্বাস্য সাফল্যের কারিগরদের একজন তিনি।
এই স্প্যানিশ রাইট-ব্যাক রেয়ালের জার্সিতে মোট ৪৫০টি ম্যাচ খেলে ১৪টি গোল করেছেন। ২০২৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তিনি ছিলেন ম্যাচ সেরা; সেদিন তার গোলেই এগিয়ে যাওয়ার পর, বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে রেকর্ড ১৫তম মহাদেশ সেরার ট্রফি জয় করে রেয়াল।
২০২৪ সালে ভিয়ারেয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পর থেকে অবশ্য ছন্দ খুঁজে পেতে খুব ভুগতে হয় কার্ভাহালকে।
চলতি মৌসুমটা তো তার ও দলের একদমই ভালো কাটেনি; কয়েক দফার চোটে লা লিগায় ১৬টি এবং সব মিলিয়ে মাত্র ২২টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি, তার দল শিরোপাশূন্য মৌসুম শেষ করতে যাচ্ছে।
স্পেন জাতীয় দলের হয়ে ৫১টি ম্যাচ খেলেছেন কার্ভাহাল এবং ২০২৪ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ২০২৩ সালে উয়েফা নেশন্স লিগ জিতেছেন তিনি।
ক্লাবের বিবৃতিতে রেয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস এই বিদায়ী তারকাকে ‘একজন কিংবদন্তি ও রেয়াল মাদ্রিদ ও এর যুব একাডেমির প্রতীক’ হিসেবে আখ্যায়িত করেছেন। আরও বলেছেন, “এই ক্লাব সবসময় তোমার ঠিকানা হয়েই থাকবে।”
লা লিগায় শেষ রাউন্ডে আগামী শনিবার বিলবাওয়ের বিপক্ষে খেলবে রেয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যাচটিতে তাকে বিদায়ী অভিবাদন জানানো হবে।
