২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনা ব্যর্থ, বায়ার্ন ছেড়েই যাচ্ছেন টুখেল

টমাস টুখেলকে বায়ার্ন মিউনিখের রেখে দেওয়ার আলোচনা সফল হয়নি, তাই আগের সিদ্ধান্তেই অটল আছে দুই পক্ষ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2024, 05:32 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

চলতি মৌসুম শেষে কোচ টমাস টুখেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত কয়েক মাস আগেই জানায় বায়ার্ন মিউনিখ। তবে নতুন কোচ নিয়োগের জন্য বেশ কয়েক জনের দরজায় কড়া নেড়েও কাজ না হওয়ায় টুখেলকে রেখে দিতে তার সঙ্গে আলোচনায় বসেছিল জার্মানির সফলতম ক্লাবটি। যেখানে দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি। তাই মৌসুম শেষে দায়িত্ব ছাড়ার কথা নিশ্চিত করে দিয়েছেন টুখেল।

গত বছরের মার্চে ইউলিয়ান নাগেলসমানের উত্তরসূরি হিসেবে বায়ার্নের ডাগআউটে যোগ দেন টুখেল। কয়েক মাসের মধ্যেই উদযাপন করেন লিগ শিরোপা জয়। এই মৌসুমে শুরুটা ভালো করলেও পরে ছন্দপতন হয় তাদের। বুন্ডেসলিগায় তাদের ১১ বছরের রাজত্ব গুঁড়িয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নেয় বায়ার লেভারকুজেন। এক দশকের বেশি সময়ের মধ্যে প্রথমবার কোনো শিরোপা ছাড়াই মৌসুম শেষ করতে যাচ্ছে বায়ার্ন।

টুখেলের সঙ্গে বায়ার্নের চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের জুন পর্যন্ত। তবে এক বছর আগেই ‘পারস্পরিক সমঝোতায়’ তা শেষ করার সিদ্ধান্তের কথা গত ফেব্রুয়ারিতে জানিয়ে দেয় মিউনিখের ক্লাবটি। 

এরপর লেভারকুজেনের কোচ শাবি আলোন্সো, জার্মানি জাতীয় দলের কোচ নাগেলসমান ও অস্ট্রিয়া জাতীয় দলের কোচ রাল্ফ রাংনিকের দরজায় কড়া নাড়ে বায়ার্ন। তবে তিন জনই তাদের নিজ নিজ দায়িত্বে থেকে যাওয়ার কথা জানান। শেষ পর্যন্ত তাই টুখেলের সঙ্গে আলোচনায় বসে বায়ার্ন কর্তৃপক্ষ। ৫০ বছর বয়সী এই জার্মান কোচ শুক্রবার সংবাদ সম্মেলনে জানালেন, ব্যর্থ হয়েছে তাদের আলোচনা। 

“এখানে আমার শেষ সংবাদ সম্মেলন এটা। ফেব্রুয়ারির সিদ্ধান্তই রয়ে গেছে। গত সপ্তাহে ক্লাবের সঙ্গে আবার আলোচনা হয়েছিল, কিন্তু আমরা সমঝোতায় পৌঁছতে পারিনি, তাই ফেব্রুয়ারির সিদ্ধান্তে অটল আছি আমরা।”

বুন্ডেসলিগার শেষ রাউন্ডে শনিবার হফেনহাইমের মাঠে খেলবে বায়ার্ন। লিগে রানার্সআপ হওয়ার জন্য লড়ছে তারা। শেষ রাউন্ডের আগে স্টুটগার্টের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে দ্বিতীয় স্থানে আছে টুখেলের দল। 

এই মৌসুমে বায়ার্ন জার্মান কাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় তৃতীয় স্তরের দলের কাছে হেরে। আর চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনাল থেকে তাদের বিদায় করে দেয় রেয়াল মাদ্রিদ।